৩৮টি বিদ্যালয় ভবন জরাজীর্ণ

এসব বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন
প্রথম আলো

ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া, ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়াসহ নানা কারণে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এতে এসব বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশায় ১১০টি ও মধ্যনগরের ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়গুলোর ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া ও ছাদ চুইয়ে চুইয়ে পানি পড়া, মেঝেতে ফাটল হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ ভবনগুলো হলো কাজিরগাঁও, নোয়াগাঁও, রাজধরপুর, বালিজুরী, রাজেন্দ্রপুর, আবুয়ারচর, আবিদনগর, বাগবাড়ী, দৌলতপুর, কাকিয়াম মৌলভীপাড়া, জামালপুর, লক্ষ্মণখলা, চান্দালীপাড়া, মির্জাপুর, আমজোড়া, শরিশ্যাম, ঘিরইল, আরিফপুর, প্রতাপপুর, কলুমা মাছুয়াকান্দা, শরিয়তপুর, বানারশিপুর, রায়পুর, কাহালা, নওগাঁও মলয়পুর, শহরতলী, দক্ষিণ রূপনগর, ধুবালা, নলগড়া, ভাটকপুর, নোয়াবন্দ, বীর দক্ষিণ, বাদে হরিপুর, সুলেমানপুর, মাছুয়াকান্দা, সলপ, পাথারিয়াকান্দা ও ঢুলপুসি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ধর্মপাশার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত। শিক্ষকসংখ্যা ৫ ও শিক্ষার্থীসংখ্যা ১৬৪ জন। এখানে তিনটি শ্রেণিকক্ষ রয়েছে। এর মধ্যে পঞ্চম শ্রেণির কক্ষটির বিমে ফাটল, বৃষ্টি এলে ছাদ চুইয়ে পানি পড়ায় কক্ষের মেঝে পানিতে একাকার হয়ে যায়। ফলে এই কক্ষটিতে মাসখানেক ধরে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া বাকি দুটি কক্ষের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। পলেস্তারাও খসে পড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। দুই বছর ধরে ভবনটির অবস্থা খুবই নাজুক। নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

মধ্যনগরের মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ রঞ্জন বিশ্বাস বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ের ভবনটির অবস্থা খুবই নাজুক। চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ধর্মপাশা ও মধ্যনগরের ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বেশ কয়েকবছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। গত ৭ জুলাই জরাজীর্ণ ভবনের তালিকা ও নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যালয়গুলোর ভবনজনিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।