জামালপুরে দিনদুপুরে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দিনে-দুপুরে আরিফ মিয়া (১৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকের গলা কেটে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাগমারীপাড়া-পুরান টুপকারচর সড়কের ভূতবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরিফ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তী গ্রামের জবর আলীর ছেলে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

আহত চালকের প্রতিবেশীরা জানান, বিকেলে উপজেলার কাগমারীপাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারীপাড়া ভূতবাড়ি এলাকায় আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বলেন, ‘ওই ইজিবাইকচালক আমার প্রতিবেশী। তার পরিবারটি খুবই দরিদ্র। ইজিবাইক চালিয়ে পরিবার চালায়। ধারণা করা হচ্ছে, দুপুরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। সম্ভবত যাত্রীবেশে একদল দুর্বৃত্ত ওই নির্জন সড়কে নিয়ে গিয়ে তার গলা কেটে ইজিবাইক নিয়ে সটকে পড়ে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, ওই চালক ওই সড়কে কীভাবে গিয়েছিল, কী ঘটেছে সেটা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।