বাসায় ঢুকে কলেজছাত্রীকে হত্যা মামলার আসামি তিন দিনের রিমান্ডে
গাজীপুর মহানগরের সালনা এলাকায় বাসায় ঢুকে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাইদুল ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মখদুম এই আদেশ দেন।
আদালত পুলিশের সহকারী কমিশনার আহসানুল হক জানান, গাজীপুর সদর থানার পুলিশ সাইদুল ইসলামকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ বেলা সাড়ে তিনটার দিকে আদালতে তোলে। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে তাঁকে আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সদর থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম।
এর আগে গতকাল বুধবার টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে মামলার একমাত্র আসামি সাইদুলকে গ্রেপ্তার করে র্যাব। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের বাসিন্দা। নিহত রাবেয়া ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি কুমিল্লার হোমনার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা আবদুর রউফের মেয়ে। রউফ চাকরির সূত্রে সালনা এলাকায় পরিবার নিয়ে থাকেন।
মামলায় রউফ বলেন, তাঁর পরিবারের প্রাইভেট শিক্ষক ছিলেন সাইদুল। রাবেয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। প্রত্যাখ্যাত হয়ে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রাবেয়ার মাথা, গলা, হাত ও পায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তাঁর মা ও তিন বোন ঠেকানোর চেষ্টা করলে সাইদুল তাঁদেরও আঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় রাবেয়াকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে এ ঘটনায় গাজীপুর সদর থানায় হত্যা মামলা করেন আবদুর রউফ। তিনি বলেন, ‘সাইদুল আমাদের গৃহশিক্ষক ছিল। ছোট দুই মেয়েকে সে কোরআন পড়াত। সে আমার বড় মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলে আমরা সরাসরি না করে দিই। যার কারণেই সে বাড়িতে ঢুকে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে।’