বাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ইসহাক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাউজানের বৈজ্জালী গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ইসহাক (৩৫)। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবেতাগী গ্রামে।

নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলের দিকে ইসহাকের বৃদ্ধ বাবা মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে ছোট ভাইকে বাবার সঙ্গে হাসপাতালে রেখে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন ইসহাক। ফেরার পথে বৈজ্জালী গেইট এলাকায় অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাটি উল্টে গেলে ইসহাক গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেতাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, বাবাকে হাসপাতালে ভর্তির পর বাবার ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন ইসহাক। ফেসবুক পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ইসহাক নিজেই মারা গেলেন। এটা খুবই মর্মান্তিক। ইসহাকের সংসারে স্ত্রী এবং ১২ ও ৩ বছরের দুটি মেয়ে আছে।