প্রধানমন্ত্রীর সহায়তার চেক নিয়ে টালবাহানার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে
যশোরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের সহায়তার চেক আটকে রাখার অভিযোগ উঠেছে। সময়মতো ওই চেকের টাকা তুলতে না পারায় বিনা চিকিৎসায় বিলকিস খাতুন নামের যশোরের মনিরামপুর উপজেলার এক তরুণী মারা গেছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
আজ রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিলকিসের নানা মশিউর রহমান প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ করেন। মশিউর মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম সম্পাদক। মৃত বিলকিস যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের জাকিরের মেয়ে। বাবার মৃত্যুর পর নানার বাড়িতে বড় হন বিলকিস। সংবাদ সম্মেলনে রোহিতা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রুহুল আমিন উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কী কারণে মশিউরের চেক আটকাব। ওনার অভিযোগ মিথ্যা। মূলত আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন মশিউরকে উসকানি দিচ্ছে।’ তিনি বলেন, তাঁর চেকটি নিয়ে কয়েক দিন দেরি করা হয়েছিল। কারণ, মশিউর গাঙ্গুলিয়া গ্রামের যে বিদ্যালয়ের সভাপতি ছিলেন, ওই বিদ্যালয়ের ১০টি কম্পিউটারের মধ্যে দুটি তিনি বিক্রি করে দেন। এলাকার লোকজন তাঁকে কম্পিউটার ফেরত দিতে চাপ দিচ্ছিলেন।
সংবাদ সম্মেলনে মশিউর রহমান বলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাঁর নাতনি বিলকিসের চিকিৎসায় তিনি প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছিলেন। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে সহায়তার ৫০ হাজার টাকার চেকও পেয়েছিলেন। প্রধানমন্ত্রী সহায়তার চেক আটকে রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তাঁর টালবাহানায় চেক পেতে দেরি হয়ে যায়। এতে তাঁর নাতনি বিলকিসের অকালে মৃত্যু হয়। ৯ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বিলকিস মারা যান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল শাখা থেকে ৫০ হাজার টাকার চেক যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আসে বলে এক চিঠিতে মশিরউকে জানানো হয়। ওই চিঠিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চেক সংগ্রহ করতেও বলা হয়। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘদিন ঘোরাঘুরি করেও মশিউর সহায়তার চেকটি পাননি। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য চেকটি সংগ্রহ করে দীর্ঘদিন তাঁর কাছে রাখেন। সময়মতো টাকা তুলতে না পেরে বিনা চিকিৎসায় তাঁর নাতনি মারা যান বলে মশিউর অভিযোগ করেন। তিনি এ ঘটনায় জড়িত সবার বিচারের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার প্রথম আলোকে বলেন, মশিউর রহমান নামের ওই ব্যক্তির চেক জেলা প্রশাসকের কার্যালয়ে আসেনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাঁর পক্ষে কেউ ওই চেকটি সংগ্রহ করতে পারেন বলে ধারণা করছেন।