বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ফেসবুকে ছবিতে লেখা, ‘দাবায়া রাখতে পারবা না’

বগুড়া শহরের সাতমাথা এলাকায় টেম্পল সড়কে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ছবি: প্রথম আলো

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শহরের সাতমাথা টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ভাঙচুর করা কার্যালয়ের দোতলায় এ ঘটনা ঘটে।

পরে জাতীয় পতাকা ওড়ানোর ছবি বগুড়া জেলা আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্টে সন্ধ্যা পৌনে ছয়টায় পোস্ট করা হয়। এতে লেখা হয়, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতা–কর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’ তবে আজ রাত সাড়ে আটটা দিকে গিয়ে ওই কার্যালয়ে আর জাতীয় পতাকা দেখা যায়নি।

বগুড়া শহরের সাতমাথা এলাকায় টেম্পল সড়কের একটি পুরোনো ভবনের নিচতলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়। গত বছরের ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে সাতমাথা টেম্পল সড়কে বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর পর থেকেই ওই কার্যালয় কার্যত পরিত্যক্ত ছিল।

ওই ভবনের দোতলায় ছাত্র ইউনিয়নের জেলা কার্যালয়। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়।
সিপিবির বগুড়া জেলা শাখার সভাপতি আমিনুল ফরিদ প্রথম আলোকে বলেন, ‘বগুড়ায় একের পর এক খুন হত্যার প্রতিবাদে সোমবার সিপিবির প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ছিল। বেলা চারটা পর্যন্ত আমরা কার্যালয়ে ছিলাম। তখন আওয়ামী লীগের কার্যালয়ে কোনো জাতীয় পতাকা উড়তে দেখিনি। সম্ভবত বিকেল চারটার পর এই জাতীয় পতাকা ওড়ানো হয়েছে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা) প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে জাতীয় পতাকা ওড়ানো হয়েছে বলে জেনেছি। জেলা আওয়ামী লীগ তাদের ফেসবুকে নাকি এ–সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছে। ছবিটা আজকের কি না, তা নিশ্চিত নয়। ঘটনা সত্য হয়ে থাকলে এর দায় প্রশাসনের।’

এ বিষয়ে জানতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের মুখপাত্র ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে কে বা কারা আজ বিকেলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।