চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, চলছে দাবদাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমের হাত থেকে রক্ষা পেতে গভীর নলকূপের পানিতে তৃষ্ণা মেটাচ্ছেন কৃষক টীটন আলী। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের মাঠে
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গায় মাঝারি থেকে এবার প্রচণ্ড দাবদাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার বেলা তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। অতীতের সব রেকর্ড ভেঙে চলতি মৌসুমে ২ এপ্রিল থেকে একটানা চুয়াডাঙ্গাতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

একটানা তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিট স্ট্রোক, হৃদ্‌রোগ, ডায়রিয়া, শিশুদের নিউমোনিয়াসহ গরমজনিত রোগবালাই বেড়ে গেছে। চুয়াডাঙ্গায় ১০০ শয্যার সদর হাসপাতালে আজ অন্তর্বিভাগে অন্তত ২৭০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ আকরাম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশির ভাগই গরমজনিত রোগে আক্রান্ত।
গরমে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ তেমন বাইরে বের হচ্ছেন না।

শ্যাল্টন সরদার নামে একজন ভ্যানচালক বলেন, ‘গরমে মাতায় গামচা বাইন্দে বের হচ্চি। কিন্তু মানুষজোন সেরাম বের না হওয়ায় সারা দিনি আয়রুজগার কুমে গিয়েচে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজকেই (বৃহস্পতিবার) চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত বছরের ২৪ ও ২৫ এপ্রিল জেলায় ওই বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এ বছর ১১ দিন আগেই আজ গত বছরের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়ে ফেলেছে। গত বছরের ১৩ এপ্রিল এ জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বুধবার পর্যন্ত চলতি মৌসুমে মাঝারি দাবদাহ বিরাজ করছিল। ওই দিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে এক দিনেই তাপমাত্রার পারদ ১ দশমিক ৩ ডিগ্রি বেড়ে ৪১ ডিগ্রিতে উঠে গেছে। শুরু হয়েছে প্রচণ্ড তাপদাহ। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। চলতি সপ্তাহেই তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে। প্রচণ্ড থেকে প্রচণ্ডতর দাবদাহ দেখা দিতে পারে।

রাকিবুল হাসান বলেন, প্রতিবছর এপ্রিল-মে মাসে তাপমাত্রা বেড়ে থাকে। এ ছাড়া কোনো কোনো বছর জুন মাসেও তাপমাত্রা বাড়তে থাকে। ভৌগলিক কারণে এই চরম ভাবাপন্নতা দেখা দিয়েছে।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমের প্রভাবে সবচেয়ে সংকটে আছেন পরিবারের জ্যেষ্ঠ ও শিশু সদস্যরা। বাড়ি বাড়ি গরমজনিত জ্বর-ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। সদর হাসপাতাল ও জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরমজনিত রোগের চিকিৎসা নিতে রোগীদের ভিড় বেড়েই চলেছে।

সদর হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক আবুল হোসেন জানান, গরমের কারণে হার্টের রোগীরা সমস্যায় আছেন, বাড়ছে হিট স্ট্রোকের ঘটনা। এসব রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। তিনি বলেন, গরমজনিত রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পেতে মানুষকে ঘরের বাইরে বের হতে বারণ করা হচ্ছে। জরুরি প্রয়োজনে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণ পানি, খাওয়ার স্যালাইন ও তরলজাতীয় খাবার এবং রোজাদারদের ভাজাপোড়া খেতে বারণ করে ফলমূল ও বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলায় শিশুদের জন্য আলাদা কোনো হাসপাতাল নেই। ১০০ শয্যার সদর হাসপাতালে শিশুদের জন্য ১৫টি শয্যা বরাদ্দ। শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, ১৫ শয্যার বিপরীতে আজ শিশু ওয়ার্ডে ৭০ জন ও ডায়রিয়া ওয়ার্ডে ৪০ জন শিশু ভর্তি এবং বহির্বিভাগে আরও দেড় শতাধিক শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের বেশির ভাগই গরমজনিত রোগে আক্রান্ত।

মাহবুবুর বলেন, ‘গরমে শিশুদের ডায়রিয়া, টাইফয়েড, শরীরে ঘাম বসে নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ও প্রস্রাবে সংক্রমণ দেখা দিচ্ছে। এসব রোগ নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে আসছে তারা। আমরা শিশুদের অভিভাবকদের পরামর্শ দিচ্ছি, ছয় মাস পর্যন্ত শিশুদের শুধুই বুকের দুধ খাওয়াতে হবে। শিশু যাতে না ঘামে, সেদিকে খেয়াল রাখতে হবে। ঘেমে গেলে দ্রুত মুছে দিতে হবে। শিশুকে ঘরের বাইরে বের হতে দেওয়া যাবে না। টাটকা খাবার খাওয়াতে ও ফ্যানের নিচে রাখতে হবে। সামর্থ্য থাকলে এসিতে ২৬-২৭ ডিগ্রি তাপমাত্রায় রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে।’