ফেসবুকে সমালোচনা করে পোস্ট, বিএমডিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ফেসবুকে নিজের প্রতিষ্ঠান নিয়ে সমালোচনামূলক পোস্ট করায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে তাঁকে বরখাস্তের কথা জানানো হয়।
ওই কর্মকর্তার নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখার উপসহকারী প্রকৌশলী।
অফিস আদেশে জানানো হয়, ১০ মে সাব্বির রহমান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো!!!! মাশা আল্লাহ!!!!!’ লিখে একটি পোস্ট দেন। ফেসবুকে পোস্টটি ছড়িয়ে পড়ে এবং বিএমডিএ চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়। এতে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। এ ঘটনায় তাঁকে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিএমডিএর কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা, ১৯৯৩-এর ৩৭ (খ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) অনুযায়ী তাঁর কার্যকলাপ দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থী হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও জানানো হয়, ১২ মে থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাঁকে রাজশাহী সার্কেল দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান।
এ বিষয়ে সাব্বির রহমান প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়ায় এটি দিয়েছে। আমিও পেয়েছি। কোনো কারণ দর্শানোর নোটিশ পাইনি।’
এর আগে ৫ মে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির।