বাঁশির সুরে জীবন চলে ফেরদৌসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট রেলওয়ে স্টেশনে বাঁশি বিক্রি করেন ফেরদৌস সরকার
ছবি: প্রথম আলো

জয়পুরহাট রেলওয়ে স্টেশনের ভ্রাম্যমাণ বাঁশির পসরায় ভিড় করেন ক্রেতারা। তখন বাঁশিতে সুর তোলেন একজন। এতে আকৃষ্ট হন ক্রেতারা। আবার ক্রেতাশূন্য দোকানে বসেও কখনো কখনো বাঁশি বাজান। তাঁর নাম ফেরদৌস সরকার। তিনি বাঁশির সুর তুলে নিজের হাতে তৈরি বাঁশি বিক্রি করেন।

ফেরদৌসের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার চাপাডাল গ্রামে। ছোটবেলায় তিনি বাবার কাছে বাঁশি বানানো শেখেন। এরপর বাবার সঙ্গে বের হতেন বাঁশি বিক্রি করতে। সেই দিয়েই এখন জীবন চলছে তাঁর। দারিদ্র্যের কারণে তাঁর লেখাপড়া হয়নি।

দোল পূর্ণিমা উপলক্ষে মেলা বসে গোপিনাথপুরে। সেই মেলায় বাঁশি বিক্রি করেন ফেরদৌস। অন্য মেলায়ও বাঁশি বিক্রি করেন। বাকি সময় তিনি রেলওয়ে স্টেশনে বাঁশির পসরা সাজিয়ে বসেন। তাঁর কাছে ৫০ টাকা থেকে শুরু করে ৫৫০ টাকা দামের বাঁশি আছে।

যাঁরা ভালো বংশীবাদক, তাঁদের কাছে ১২টি স্বরের ১২টি আলাদা বাঁশি থাকে। উদারা, মুদারা ও তারা সপ্তকের সুরেই বাঁশির প্রাণ। অন্যান্য বাদ্যযন্ত্রে সাতটি সুরের স্কেল একসঙ্গে রাখা যায়। বাঁশিতে সরাসরি সাতটি এবং সহযোগী পাঁচটি স্কেল মিলে ১২টি স্কেলের জন্য ১২টি আলাদা বাঁশি প্রয়োজন। যাঁরা বাঁশি বানান, তাঁরা বাঁশিওয়ালা আর যাঁরা বাজান, তাঁরা শিল্পী।