বগুড়ার শেরপুরে বোরো মৌসুমের শুরুতেই সেচের দুটি ট্রান্সফরমার চুরি
বগুড়ার শেরপুর উপজেলায় বোরো মৌসুমের ধান আবাদের শুরুতেই সেচের পাম্প চালানোর দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। সম্প্রতি উপজেলার বিশালপুর ইউনিয়নের ঘোলঘড়িয়া গ্রামে এ চুরি হয়। এ ঘটনায় ঘোলঘড়িয়া গ্রামের কৃষক হযরত আলী আজ বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, ওই পাম্পের আওতায় বোরো ধান চাষের ৬০০ বিঘা জমিতে সেচের পানি সরবরাহ করা হয়ে থাকে। ট্রান্সফরমার দুটি চুরির কারণে জমিতে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
কৃষক হযরত আলী প্রথম আলোকে বলেন, ১৯৮৪ সালে তাঁর জমিতে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে সেচের পাম্প চালানোর জন্য নলকূপ বসানো হয়। এ জন্য বৈদ্যুতিক খুঁটির ওপরে স্থাপন করা হয় ১০ কেভি ভোল্টের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। ২৫ ডিসেম্বর রাতে ট্রান্সফরমার দুটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। চলতি বোরো মৌসুমের শুরুতেই এ চুরির ঘটনায় চিন্তায় পড়েছেন কৃষকেরা।
চুরি হওয়া ট্রান্সফরমার ২টির দাম ১ লাখ ৩৬ হাজার টাকা বলে দাবি করেছেন কৃষক হযরত আলী। এই পাম্প থেকে নিজেদের জমিতে সেচ দেওয়া পাঁচজন কৃষক বলেন, এর আগেও দুবার ওই পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তখনো সেচ নিয়ে সমস্যায় পড়েছিলেন তাঁরা।
বিশালপুর ইউনিয়নের কৃষক শামীম হোসেন প্রথম আলোকে বলেন, তিন চার বছর ধরে বোরো মৌসুম শুরু হতেই তাঁদের ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ বছরও চুরি শুরু হয়েছে। মৌসুমের শুরুতে এভাবে ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকেরা শঙ্কায় আছেন।
লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার। তিনি বলেন, পুলিশ তদন্ত শুরু হয়েছে। এই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।