শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায়ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে শিল্প পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা এমসি বাজার ইউনিয়ন মোড় এলাকার সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিক। তাঁরা সকাল সাড়ে আটটা থেকে মহাসড়ক অবরোধ করেন। এর আগে গতকাল বুধবার দুই দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তাঁরা।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক হাজারের বেশি শ্রমিক আজ সকালে কারখানায় গিয়ে জানতে পারেন, বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর তাঁরা মহাসড়কে এসে অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর সকাল নয়টার দিকে শিল্প পুলিশের সদস্যরা তাঁদের সরে যেতে অনুরোধ করেন। শ্রমিকেরা না সরলে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর শ্রমিকেরা সড়ক ছেড়ে ছত্রভঙ্গ হয়ে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা আবার বিচ্ছিন্নভাবে কারখানার সামনে জড়ো হতে থাকেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রমিকেরা আবার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আজ সকালে কারখানায় গিয়ে সাধারণ ছুটির কথা জানতে পেরে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
তারিকুল ইসলাম, শ্রমিক

কারখানার শ্রমিক মো. ইকবাল হোসেন বলেন, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। শ্রমিকেরা কর্মবিরতি করে প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত বেতন মেলেনি।

গতকাল বুধবার বেলা ১১টায় বেতনের দাবিতে শ্রমিকেরা এমসি বাজার-শুপল্লী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ বিকেলের মধ্যে বেতন দেওয়ার নতুন সময় ঘোষণা করে। কিন্তু সেদিনও বেতন দেওয়া হয়নি।

শ্রমিক তারিকুল ইসলামের ভাষ্য, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা আবার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আজ সকালে কারখানায় গিয়ে সাধারণ ছুটির কথা জানতে পেরে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকেরা সড়কে যাওয়ার পর পুলিশ তাঁদের ওপর গ্রেনেড ছোড়ে বলে দাবি করেন নারী শ্রমিক সাবিনা ইয়াসমিন। তিনি দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

আধা ঘণ্টার মতো শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক থেকে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
মো. কামরুজ্জামান, ওসি, মাওনা হাইওয়ে থানা

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আধা ঘণ্টার মতো শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক থেকে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল বলে প্রথম আলোকে জানান গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি বলেন, শ্রমিকেরা এরপরও অবরোধ চালিয়ে যান। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

গতকাল কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. ফরহাদ জানিয়েছিলেন, বিভিন্ন জটিলতার কারণে সেপ্টেম্বরের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। মালিকের সঙ্গে যোগাযোগ করে বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। তবে আজ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।