রাঙামাটিতে বিএনপি নেতা নিখোঁজ, হ্রদে মিলল তাঁর নৌকা

নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয় একটি বাজারে মালামাল বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ওই বিএনপি নেতার সন্ধান না মিললেও মালামাল বোঝাই করা অবস্থায় কাপ্তাই হ্রদে তাঁর নৌকাটি পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে কাপ্তাই হ্রদের গর্জনটিলা থেকে নৌকাটি উদ্ধার করা হয়।

নিখোঁজ ওই বিএনপির নেতার নাম মো. মাসুদ (৫০)। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। নৌকা নিয়ে স্থানীয় বিভিন্ন বাজারে গিয়ে তিনি মুদি মালামাল বিক্রি করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, অসবধানতাবশত হ্রদের পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন ওই বিএনপি নেতা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মো. মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। তবে গতকাল সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে বিকেল চারটার দিকে গর্জনটিলা এলাকায় মাসুদের নৌকাটি ভাসতে দেখা যায়। এতে চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল।

​মো. মাসুদের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, বিলাইছড়ি থেকে নৌকা নিয়ে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ​‘গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানতে পারে। এরপর নৌবাহিনীর ডুবুরি দলসহ আমাদের টিম যৌথভাবে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।’

​কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল রাত পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে মো. মাসুদ হ্রদের পানিতে তলিয়ে গেছেন।