রাজশাহীতে বাড়ি থেকে তুলে নেওয়া নারী চিকিৎসককে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর নারী চিকিৎসককে আজ শনিবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজশাহীর নগরের বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে তুলে আনে পুলিশ। এই চিকিৎসকের নাম ফাতেমা সিদ্দিকা। তিনি প্রসূতি ও স্ত্রীরোগ-বিশেষজ্ঞ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, গত মে মাসে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় দণ্ডবিধির কয়েকটি ধারা রয়েছে। মামলার এত দিন পর কেন গ্রেপ্তারের বিষয়ে এই মুখপাত্র বলেন, মামলার তদন্তে তার নাম এসেছে এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আজ সকাল ১০টার দিকেই তাঁকে আদালতের সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানোর কথা।

গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ শাখা (ডিবি) ও শাহ মখদুম থানার একদল পুলিশ বাড়ির ভেতরে ঢোকে। ফাতেমা সিদ্দিকাকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়া হয়। অভিযানের পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

ফাতেমা সিদ্দিকা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাড়িতে অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, বাড়িটিতে জামায়াতের বেশ কিছু নেতা-কর্মীর গোপন বৈঠকের খবরে অভিযান চালানো হয়। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাড়ি থেকে কোনো কিছু জব্দও করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য এই চিকিৎসককে থানায় নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর জামায়াতের সুরা সদস্য মাজেদুর রহমান বলেন, ‘তিনি আমাদের একজন সুধী। অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতা করে থাকেন।’

ফাতেমা সিদ্দিকার মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার নামে তাঁর একটি হাসপাতাল রয়েছে। গত ৪ এপ্রিল এই চিকিৎসকের কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি এখনো কারাগারে আছেন।

গত ৭ সেপ্টেম্বর ফাতেমা সিদ্দিকার বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ। এ সময় বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ফাতেমা সিদ্দিকার ছেলে নাজমুস সাকিবকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল এক তরুণীকেও। বাড়ি থেকে সেদিন মাদকদ্রব্যও জব্দ করা হয়। ওই চিকিৎসকের ছেলে বর্তমানে জামিনে রয়েছেন।