দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার। দিনাজপুর–৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর বিদায়ী কমিটির সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আলতাফুজ্জামান মিতা। তিনি বিদায়ী কমিটির সহসভাপতি ছিলেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন শেষে বেলা সাড়ে তিনটায় নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
সম্মেলনে দুজন সহসভাপতি ও দুজন যুগ্ম সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ও তহিদুল হক সরকার সহসভাপতি মনোনীত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহ ইয়াজদান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সতীশ চন্দ্র রায় প্রমুখ।