অস্ত্রোপচার করছিলেন ভুয়া চিকিৎসক, হাতেনাতে আটক করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার রাতে বড়াইগ্রামের জাহাঙ্গীর জেনারেল হাসপাতাল থেকে আব্দুল করিমকে (সাদা ফতুয়া ও মাস্ক পরা) গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: প্রথম আলো

আব্দুল করিম লোহানীর নামের পাশে লেখা রয়েছে ‘এমবিবিএস (রাজ), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (সার্জারি), পিজিটি (গাইনি অ্যান্ড অবস), সিএমইউ (আলট্রা) ও সাবেক জেনারেল সার্জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।’ আর নামের আগে লেখা রয়েছে চিকিৎসক পদবি। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, আব্দুল করিম লোহানীর সব পরিচয় ভুয়া। আদতে তিনি কোনো চিকিৎসক নন।

গতকাল সোমবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজার থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে। আব্দুল করিম বড়াইগ্রাম উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে খবর আসে, একজন ভুয়া চিকিৎসক উপজেলার জোনাইল বাজারের জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করছেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খোরশিদ আলম তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের নিয়ে ওই হাসপাতালে অভিযান চালান। এ সময় হাসপাতাল থেকে আব্দুল করিমকে পুলিশ হাতেনাতে আটক করে। আব্দুল করিম তাঁর ভিজিটিং কার্ড ও নাম ফলকে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা আব্দুল করিমের কাগজপত্র পরীক্ষা করে জানতে পারেন, আব্দুল করিম ভুয়া চিকিৎসক।

জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে থাকা অবস্থায় আব্দুল করিম উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি ভুয়া নন, অবসরপ্রাপ্ত চিকিৎসক। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাও রয়েছে। তবে এসবের সমর্থনে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল করিম স্বাস্থ্য কর্মকর্তাদের বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে এভাবে অস্ত্রোপচার করে আসছিলেন। তিনি একই হাসপাতালে গতকাল সকালে এক অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার করেছেন। ওই সময় তিনি নিজেই অ্যানেসথেশিয়া দিয়েছেন। তবে নবজাতক মারা গেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খোরশিদ আলম বলেন, জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, গতকাল সকালে আব্দুল করিম নামের এক ব্যক্তি অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে সন্তান প্রসব করাতে গেলে নবজাতকের মৃত্যু হয়েছে। বিকেলে আবার অ্যানেসথেশিয়া ছাড়াই তিনি অস্ত্রোপচার করছিলেন। তাঁকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক জেনারেল সার্জন বলে চিকিৎসা দিয়ে আসছিলেন। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি একজন ভুয়া চিকিৎসক। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালটি এর আগেও বন্ধ করা হয়েছিল। তবে লাইসেন্সভুক্ত হাসপাতাল হওয়ায় কিছু শর্তসাপেক্ষে আবার চালুর অনুমতি দেওয়া হয়েছিল। এবার ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।