আশাশুনিতে চাঁদাবাজি করতে এসে ধরা পড়লেন এএসআইসহ পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

অনলাইনে জুয়া খেলার অভিযোগ এনে এক লাখ টাকা চাঁদা দাবি করায় পিরোজপুর সদর থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাত আটটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের কাছ থেকে একটি সরকারি পিস্তল, আটটি গুলি, দুটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর সদর থানার এএসআই ও আশাশুনির গদাইপুর গ্রামের রুবেল হোসেন ওরফে রানা (২৯), পিরোজপুর সদরের পান্তাডুবি গ্রামের মনির হোসেন (৩৫), একই গ্রামের সোহেল শিকদার (৩৩), একই উপজেলা সদরের চর লোহারকাটি গ্রামের আবুল কালাম (৩৫) ও শিকারপুর গ্রামের সাইফুল ইসলাম (৩২)।

উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আশিকুর রহমান জানান, তিনি দীর্ঘদিন অনলাইনে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। শুক্রবার রাত আটটার দিকে এএসআই রুবেল হোসেনসহ পাঁচজন সিলভার রঙের একটি প্রাইভেট কারে করে তাঁর বাড়ির সামনে নামেন। এ সময় তাঁদের গ্রামের নজরুল ইসলাম নামের একজন তাঁদের সঙ্গে যোগ দেন। পরে ছয়জন তাঁদের বাড়িতে ঢুকে নিজেদের ঢাকা র‌্যাব হেড কোয়ার্টারের সাইবার ক্রাইম টিমের সদস্য পরিচয়ে অনলাইনে জুয়া খেলা চালানোর অভিযোগে তাঁর হাতে হ্যান্ডকাপ পরাতে যান।

একপর্যায়ে এক লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। তাঁদের আচরণ সন্দেহ হলে ভুয়া র‌্যাব বলে চ্যালেঞ্জ করেন স্থানীয় ব্যক্তিরা। একপর্যায়ে তাঁরা পালানোর চেষ্টা করলে স্থানীয় মানুষ ছয়জনকে ঘেরাও করেন। তাঁদের মধ্যে নজরুল নামের একজন কৌশলে পালিয়ে যান কল্যাণপুর গ্রামের। ভোর সাড়ে চারটার দিকে ওই পাঁচজনকে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল হক জানান, চাঁদাবাজির অভিযোগে এএসআই রুবেলসহ ছয়জনের নাম উল্লেখ করে কল্যাণপুর গ্রামের আশিকুর রহমান মামলা করেছেন। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নজরুল নামের একজন পলাতক রয়েছেন। রুবেলের কাছ থেকে একটি সরকারি পিস্তল, আটটি গুলি, একটি হ্যান্ডকাপ ও মনির হোসেনের কাছ থেকে একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিলভার রঙের একটি এস করোলা প্রাইভেট কার। গ্রেপ্তার পাঁচজনকে আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, রুবেল পিরোজপুর সদর থানায় কর্মরত। শুক্রবার রাতে অভিযান পরিচালনার সময় রুবেলকে পাওয়া যায়নি। তিনি ছুটিও নেননি। শুক্রবার রাতে তিনি চাঁদাবাজি করতে গিয়ে নিজ উপজেলা আশাশুনিতে জনতার হাতে ধরা পড়েছেন, এমন কথা আজ সকালে শুনেছেন। তিনি বর্তমানে আশাশুনি থানার পুলিশের জিম্মায় রয়েছেন। তাঁকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া শুরু হয়েছে।