নোয়াখালীতে সরকারি সার কালোবাজারে বিক্রির সময় ডিলারসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিএডিসির সার কালোবাজারে বিক্রির অভিযোগে ট্রাকভর্তি এ সার জব্দ করে পুলিশ। শনিবার রাতে উপজেলার মাওলানা বাজারে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ইউরিয়া সার কালোবাজারে বিক্রির সময় ডিলারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার মাওলানা বাজার থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ট্রাকভর্তি ৪০ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সার জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি হলেন বিএডিসির নরোত্তমপুর ইউনিয়নের সারের ডিলার ও উপজেলার ফলহারী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন ওরফে মিলন (৪৫) ও সারবোঝাই ট্রাকের চালক নরোত্তমপুর ইউনিয়নের মুন্সি বাড়ির মো. গিয়াস উদ্দিন (১৯)। তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত পৌনে নয়টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের সারের ডিলার দেলোয়ার হোসেন তাঁর নামে বরাদ্দ ৪০ বস্তা ইউরিয়া ও পাঁচ বস্তা ডিএপি সার ট্রাকে করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার প্রাক্‌-মুন্সির বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে কবিরহাট উপজেলার মাওলানা বাজারে ট্রাকটি আটক করেন। এ সময় ট্রাকচালকের পাশের আসনে বসা ছিলেন সারের ডিলার দেলোয়ার হোসেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, নরোত্তমপুরের বরাদ্দ সার কোথায় নিয়ে যাচ্ছেন। তিনি জবাব দেন, বেগমগঞ্জের প্রাক্‌-মুন্সিরহাটে। তখন স্থানীয় লোকজন তাঁর কাছে এক জায়গার সার অন্য জায়গায় নেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাঁরা সারসহ ট্রাকটি আটক করে থানায় খবর দেন।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে বিএডিসির সারের ডিলার তাঁর নামে বরাদ্দ সার অন্যত্র কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে লোকজন আটক করেন। এ সময় সারের ডিলার ও ট্রাকচালককেও আটক করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে। তাঁদের কাছ থেকে ৪০ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।