চিকিৎসক দেখাতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় চিকিৎসক দেখাতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

নিহত ব্যবসায়ীর নাম বাসুদেব সুর (৬০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের বিজয়কৃষ্ণ সুরের ছেলে। তাঁর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে একটি মুঠোফোন বিক্রির দোকান আছে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, আজ সকালে বাসুদেব সুর মোটরসাইকেলে করে চিকিৎসক দেখাতে নওয়াপাড়ায় যাচ্ছিলেন। সকাল ৭টা ২০ মিনিটে অভয়নগর উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে পৌঁছান। রেলক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান না থাকায় তিনি স্বাভাবিকভাবে মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বাসুদেবের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশনের সহকারী মাস্টার অনুপ কুমার মণ্ডল বলেন, অভয়নগর উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংটি অবৈধ। এই রেলক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোল্যা মিজানুর রহমান।