নান্দাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিয়ের আশ্বাসে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে আজ বুধবার দুপুর ১২টার দিকে এলাকায় যায় পুলিশ।
ওই ছাত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ছাত্রীর বাবা গাজীপুরে থাকেন। মেয়েটি তার দাদির সঙ্গে গ্রামের বাড়িতে থাকে। মেয়ে নির্যাতিত হওয়ার কথা শুনে ঘটনার পরদিন তিনি (বাবা) বাড়িতে আসেন।
ছাত্রীর বড় চাচা বলেন, ‘গত রোবরার রাতে তাঁর ভাতিজি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। কিন্তু সে ঘরে না ফেরায় তাঁর মা (ছাত্রীর দাদি) তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাঁরা জানতে পারেন বাহাদুরপুর গ্রামের মো. এনামুল (২২) নামের এক তরুণ বিয়ের আশ্বাস দিয়ে তাঁর ভাতিজিকে বাড়িতে নিয়ে গেছেন। কিন্তু পরদিন সোমবার সকালে তাঁর ভাতিজিকে আমাদের বাড়িতে রেখে যাওয়া হয়। ভাতিজি বাড়িতে আসার পর জানা যায়, বিয়ের কথা বলে এনামুল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।’ এখন তাঁরা এনামুলের বিচার চাইছেন।
বাহাদুরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত এনামুলকে পাওয়া যায়নি। এনামুলের চাচাতো ভাই নুর উদ্দিন বলেন, এনামুল নলকূপের মিস্ত্রি। এ কাজ করতে তাঁকে নান্দাইলসহ আশপাশের উপজেলায় যেতে হয়। কাজের চাপে তিন-চার দিন পরপর তিনি বাড়ি ফেরেন।
নুর উদ্দিন বলেন, সোমবার ফজরের নামাজের পর ওই মেয়ে এনামুলের বাড়িতে আসে। কারণ জিজ্ঞেস করলে সে জানায় এনামুল তাকে বিয়ে করার কথা বলে নিয়ে এসেছেন। তখন বাড়ির লোকজন এনামুল কোথায় আছে জানতে চাইলে মেয়েটি কিছু বলতে পারেনি। পরে একজন নারী মেয়েটিকে তাঁর বাড়িতে দিয়ে আসেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মেয়ের পরিবারের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। মেয়ের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।