‘সকালে ভ্যান ধরে বাহির হইচু। গিলগিল করে ঠান্ডা বাতাস বহচে। এতোডা বেলা হইল তাহাও রোদ নাই। ঠান্ডাতে কাঁপেছু। বাতাসে হাত-পাও জড়ো হয়ে আসেচে। কিন্তু কী করিবেন, খাবা তো নাগিবে।’ আজ শুক্রবার সকাল ১০টার দিকে এভাবেই কথাগুলো বলছিলেন পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ভ্যানচালক মো. আনছারুল (৫৩)।
শুধু ভ্যানচালক আনছারুলই নন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন বেশির ভাগ খেটে খাওয়া মানুষ। টানা কয়েক দিনের হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে উত্তরের এ জনপদের জনজীবন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে আরও জানা যায়, কয়েক দিন ধরে দিনভর হিমেল বাতাস থাকায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যাচ্ছে। গত সাত দিনে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। একই সঙ্গে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের শেষ দিকে এসে কয়েক দিন ধরেই পঞ্চগড়ে বইছে উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস। শীতের দাপট বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে বাতাসের কারণে ভূপৃষ্ঠে কুয়াশা কম মনে হলেও আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে কনকনে ঠান্ডা অনুভূত হওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে খেটে খাওয়া মানুষের। সকালের হিমশীতল বাতাসে কাবু হয়ে পড়া মানুষদের অনেকে গরম কাপড়ের পাশাপাশি খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন।
এর আগে কয়েক দিন ধরে বইতে থাকা হিমেল বাতাসের তীব্রতা গতকাল রাতে আরও বেড়ে যায়। আজ সকালে হিমালয়ের হিম বাতাসে বিপর্যস্ত হয় জনজীবন। বেলা ১১টার পর সূর্যের মুখ দেখা গেলেও হিমেল বাতাসে রোদের তীব্রতা বেশি ছড়াতে না পারায় দুপুর সোয়া ১২টা পর্যন্ত অনুভূত হচ্ছিল তীব্র শীত।
শহরের পাশে একটি জমিতে হালচাষ করা ট্রাক্টরচালক জসিম উদ্দিন (৩০) বলেন, ‘কয়েক দিন ধরে কুয়াশা নাই, কিন্তু ঠান্ডা বাতাসে গাড়ি চালানো যায় না। আগে রাতেও জমিতে হালচাষ করতাম। কিন্তু এখন রাতে হালচাষ করতে গেলে শরীর কাঁপতে শুরু করে। সকালেও ঠান্ডার মধ্যে ট্রাক্টর নিয়ে বের হতে অনেক কষ্ট হয়।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেঁতুলিয়ার আকাশে বর্তমানে আট ভাগের দুই ভাগ মেঘ রয়েছে। বাতাসের কারণে ভূপৃষ্ঠে কুয়াশা কম দেখা গেলেও আকাশের উপরিভাগে ঘন কুয়াশা রয়েছে। এতে সূর্যের দেখা পেতে কিছুটা দেরি হচ্ছে।
তিনি আরও বলেন, দুপুরে হালকা রোদ উঠলেও হিমালয়ের বাতাস সরাসরি তেঁতুলিয়া দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করায় রোদের তীব্রতা ছড়াতে পারছে না। এতে এই এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এই এলাকায় একই রকম আবহাওয়া থাকতে পারে বলে তিনি জানান।