তরুণকে ডেকে নিয়ে হত্যার পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে চালানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ ফরাজী হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে
ছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. মাহফুজ ফরাজী (১৮) নামের এক তরুণকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে চালানোর অভিযোগ করেছেন স্বজনেরা। সেই সঙ্গে হত্যার বিচার চেয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন নিহত তরুণের স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নিয়ে নিহত মাহফুজ ফরাজীর মা রুমানা আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে কৌশলে সড়ক দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

গত সোমবার দিবাগত রাত দেড়টায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে দুর্ঘটনাকবলিত একটি ব্যক্তিগত গাড়ি থেকে মো. মাহফুজ ফরাজীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মাহফুজ ফরাজী শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামের মাসুদ ফিড মিলসের স্বত্বাধিকারী মো. ফজলুল হকের ছেলে। তিনি শ্রীপুরের প্লেজ হারবর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ‘ও’ লেবেল শেষ করে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ছেলে হত্যার বিচার চেয়ে মাহফুজ ফরাজীর বাবা মো. ফজলুল হক বলেন, ‘ঘটনার আগের দিন রাতে মাহফুজসহ পরিবারের সবাই খাওয়ার জন্য বসি। এ সময় মাহফুজের সঙ্গে দেখা করতে আসে মো. তৌফিক (২০) নামের এক তরুণ। কোথাও যাওয়ার কথা বলে আমার ছেলেকে ডেকে নেয়। তৌফিকের ব্যক্তিগত গাড়িতে করেই বেরিয়ে যায় মাহফুজ। এরপর সড়ক দুর্ঘটনার খবর পাই। আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। হত্যাকারী মো. তৌফিককে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমার মামলা নিচ্ছে না শ্রীপুর থানার পুলিশ।’

মো. তৌফিক শ্রীপুরের মুলাইদ গ্রামের তৌফিক সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের প্লেস হারবর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ‘ও’ লেভেল শেষ করে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

তৌফিক গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর বাবা মো. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘আমার ছেলের জীবন নিয়ে আমি এখন মারাত্মক দুশ্চিন্তায় আছি। সে চিকিৎসাধীন। একই গাড়িতে আমার ছেলেসহ আরও দুজন অবস্থান করছিল। সবাই আহত হয়েছে। এর মধ্যে অহেতুক আমার ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলছে। প্রশাসনসহ সবাই জানে, সড়ক দুর্ঘটনা ঘটেছে। আপনারা যাচাই করে দেখেন, প্রশাসন যাচাই করুক। এটি হত্যাকাণ্ড নয়, তদন্ত করে দেখলেই সব বের হবে।’

মানববন্ধনে অংশ নিয়ে নিহত মাহফুজ ফরাজীর দাদা ওমর আলী ফরাজী বলেন, ‘আমরা এ ঘটনায় আইনগত সহায়তা পাচ্ছি না। শ্রীপুর থানার ওসি মামলা নিচ্ছেন না। আমরা যদি থানায় আইনগত সহায়তা না পাই, তাহলে কোথায় যাব? আমি কি আমার নাতি হত্যার বিচার পাব না?’

এ ঘটনায় মামলা না নেওয়ার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি যেহেতু আমার এলাকায় নয়, সেহেতু আমি এ বিষয়ে আইনগত সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলেছি।’