সড়ক সংস্কারে অনিয়ম, কাজ সাময়িক বন্ধ

রেলস্টেশনের প্রধান ফটক থেকে পৌরসভা অফিসের গেট পর্যন্ত সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ টাকা। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর পৌর শহরের রেলস্টেশন গেট থেকে পৌরসভা গেট পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয়। গতকাল দুপুরে
ছবি: প্রথম আলো

দিনাজপুর শহরের স্টেশন রোড থেকে পৌরসভা অফিস পর্যন্ত ৩৫৯ মিটার রাস্তার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার চুক্তিপত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী নির্মাণকাজ না করায় গত মঙ্গলবার বিকেলে সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন সদর উপজেলা প্রকৌশলী নিতীশ কুমার। তবে গতকাল বুধবার সকালে আবার কাজ শুরু করেছেন ঠিকাদার। 

সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে দিনাজপুর পৌর শহরের চারটি স্কিমে প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। রাস্তা নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৯৮৪ টাকা। 

নির্ধারিত চারটি স্কিমের মধ্যে তিনটির কাজ পেয়েছে দিনাজপুরের স্থানীয় প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ। ১১ জুলাই ঠিকাদারের সঙ্গে এলজিইডির চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে দিনাজপুর রেলস্টেশনের প্রধান ফটক থেকে পৌরসভা অফিসের গেট পর্যন্ত ৩৫৯ মিটার রাস্তার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৯ লাখ ২৭ হাজার ৮৮২ টাকা। মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম ৫৬ লাখ ১ হাজার ৭৫ টাকা দরে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছেন।

চুক্তিপত্রের শর্তে কাজের বর্ণনায় ডব্লিউএমএম প্রক্রিয়ায় রাস্তার কাজ সম্পন্ন করার কথা উল্লেখ আছে। এ প্রক্রিয়ায় ৩৮ মিলিমিটার আকারের ইটের খোয়া ৪০ শতাংশ, ২০ মিলিমিটার ৩০ শতাংশ, হাফ ইঞ্চি খোয়া ২০ শতাংশ এবং ১০ শতাংশ বালু ও পরিমাণমতো পানি মিশিয়ে কয়েক দিন রেখে দিয়ে রাস্তায় বিছাতে হবে। পরে বালু ও পানি ছিটিয়ে ২৮ দিন পর্যন্ত রেখে দিতে হবে। তারপর প্রাইমকোট দিয়ে কার্পেটিং করা হবে। কিন্তু শর্ত ভঙ্গ করে ঠিকাদার ডব্লিউএমএম প্রক্রিয়া না মেনে নিজের মতো ইটের খোয়া বিছিয়ে তার ওপর বালু ও পানি ছিটিয়ে রোলারের কাজ করছেন। 

গতকাল দুপুরে স্টেশন রোডে গিয়ে দেখা যায়, খোয়া বিছানো সম্পন্ন হওয়া রাস্তার কিছু অংশে আবার খোয়া উত্তোলন করা হচ্ছে। কিছু জায়গায় বালু ও পানি ছিটিয়ে রোলারও করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌরসভার প্রায় ৮০ শতাংশ রাস্তা ভাঙাচোরা। দীর্ঘ সময় পর দু–একটি রাস্তার কাজ শুরু হয়েছে। তাতেও অনিয়ম হচ্ছে। রাস্তা যদি টেকসই না হয়, তাহলে নির্মাণ করে লাভ কী? 

নাম প্রকাশ না করার শর্তে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘যদি সময়মতো আমরা টের না পেতাম তাহলে মঙ্গলবার রাতেই বালু ও পানি ছিটিয়ে রোলারের কাজ সম্পন্ন করে ফেলত। এতে ঠিকাদারের চুক্তিমূল্যের ৩০-৩৫ শতাংশের কম ব্যয় হতো। 

এ বিষয়ে মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম মুঠোফোনে বলেন, রাস্তার কাজ কেউ বন্ধ করেননি। তিনি কাজ ঠিকমতো করছেন। প্রকৌশলী এসে সামান্য ভুলত্রুটি পেয়েছেন। সেটা সঙ্গে সঙ্গে ঠিক করে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা প্রকৌশলী নিতীশ কুমার বলেন, চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করে কাজ করছিলেন ওই ঠিকাদার। নিয়ম অনুযায়ী না হওয়ায় সাময়িকভাবে কাজ বন্ধ করা হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঠিকাদারকে সঙ্গে নিয়ে আলোচনা হয়েছে। চুক্তিপত্রের শর্ত মোতাবেক কাজ বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।