দাকোপে টেকসই বাঁধে ভাঙন, কংক্রিটের ব্লক ফেলে নদীতীর সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়িবাঁধের ভাঙ্গণ রোধে কংক্রিটের ব্লকের মাধ্যমে নদী তীর সংরক্ষণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। মঙ্গলবার দুপুরে উপজেলার সুতারখালী ইউনিয়নের গুণারী কালিবাড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বিশ্বব্যাংকের উপকূলীয় বাঁধনির্মাণ প্রকল্পের আওতায় ওই বাঁধের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে বাঁধের কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। আজ মঙ্গলবার ভাঙনকবলিত ওই জায়গায় দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নটি পাউবোর ৩২ নম্বর পোল্ডারের মধ্যে পড়েছে। ইউনিয়ন দুটিতে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। পোল্ডারটি ঢাকী, শিবসা, সুতারখালী ও ভদ্রা নদী দিয়ে বেষ্টিত। কয়েকটি নদী দিয়ে বেষ্টিত হওয়ায় প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে বেড়িবাঁধ। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় পোল্ডারের কয়েকটি জায়গা ভেঙে ওই এলাকার মানুষ দুই বছরের বেশি সময় ধরে বাড়িঘরে ফিরতে পারেনি। পোল্ডারটির প্রায় ৫০ কিলোমিটার বাঁধের মধ্যে কোনো এক জায়গায় ভেঙে গেলে দুই ইউনিয়নের মানুষের ওপর তার প্রভাব পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, বিশ্বব্যাংকের অর্থায়নে যে নতুন বাঁধনির্মাণ প্রকল্প শেষ হতে যাচ্ছে, তার সুফল পেতে অবশ্যই কংক্রিটের ব্লক ফেলে তীর সংরক্ষণ করতে হবে। পুরো পোল্ডার এলাকায় তীর সংরক্ষণ না করলে দুর্যোগপ্রবণ ওই এলাকার মানুষের মনে শান্তি আসবে না। এটা না করায় বাঁধটি টেকসই হচ্ছে না। এর ফলে বারবার ভাঙনের কবলে পড়ছে গুনারী, কালীবাড়ী, নলিয়ান, জালিয়াখালী, কালাবগী, সুতারখালী, কামারখোলা জোড়াগেট এলাকা। ভাঙন রোধে নদীর তীরে পাথর-সিমেন্টের ব্লক ফেলার দাবি জানান এলাকাবাসী।

কামারখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পঞ্চানন কুমার মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, আওয়ামী লীগ নেত্রী জয়ন্তী রানী সরদার, শফিকুল ইসলাম, কবির হোসেন, গোলাপ হোসেন শেখ, ইউপি সদস্য সুশান্ত কুমার ঢালী, শিক্ষক আদিত্য নারায়ণ সরদার, মনিমোহন সরদার, মনিরুল শিকদার, দীনেশ নারায়ণ সরদার, বিকাশ মিস্ত্রি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীর গতি-প্রকৃতি না বুঝে শতকোটি টাকার ঋণে বাস্তবায়নাধীন টেকসই বেড়িবাঁধ কামারখোলা ও সুতারখালী ইউনিয়নবাসীর নিরাপত্তায় কোনো কাজে আসছে না। বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় তীর সংরক্ষণ করে টেকসই বাঁধ নির্মাণ না করলে দুর্যোগকবলিত ওই দুই ইউনিয়নের মানুষ বাঁচতে পারবে না।

এ বিষয়ে পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ভাঙনের বিষয়টি তাঁরা জেনেছেন। টেকসই বাঁধ নির্মাণের সময় ৩২ নম্বর পোল্ডারে আগেই ২ কিলোমিটার এলাকায় নদীতীর সংরক্ষণ করা হয়েছে। আরও ছয় কিলোমিটার তীর সংরক্ষণের কাজ প্রক্রিয়াধীন। এরই মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।