টঙ্গিবাড়ীতে পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে পদ্মা নদীতে তিনি নিখোঁজ হন। নিখোঁজ জেলের নাম মো. লালচান (৩৬)। তিনি হাসাইল বানারী এলাকার প্রয়াত শহীদ তাঁতীর ছেলে।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় ব্যক্তিরা জানান, লালচান প্রতিদিন রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যেতেন। আবার ফজরের আজানের সময় হাসাইল মাছঘাটে এসে মাছ বিক্রি করে বাড়ি ফিরতেন। বুধবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
স্বজনদের অভিযোগ, বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকাসহ ডুবে লালচান নিখোঁজ হয়েছেন। নিহত ব্যক্তির খালাতো ভাই বাবু হালদার বলেন, ‘পদ্মা নদী দিয়ে প্রতিদিন শত শত অবৈধ বাল্কহেড যাওয়া–আসা করে। তাঁরা রাতের বেলায় বেপরোয়াভাবে চলাচল করে। সকালে লালচানকে খুঁজতে গিয়ে নদীতে নৌকার ভাঙা পাটাতন, জাল ভাসতে দেখেছি। আমাদের ধারণা, বাল্কহেডের ধাক্কায় লালচানের নৌকা ডুবে তিনি নিখোঁজ হয়েছেন।’
এদিকে লালচান নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় ব্যক্তিরা নদীতে প্রায় দেড় থেকে দুই শতাধিক বাল্কহেড অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে বাল্কহেডগুলো ছাড়িয়ে নেয়। টঙ্গিবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান প্রথম আলোকে জানান, ওই জেলের নিখোঁজের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ইতিমধ্যে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।