জাহাঙ্গীরনগর ছাত্রলীগের কমিটিতে পদ পেয়েছেন বহিষ্কৃত, অছাত্র ও বিতর্কিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন অছাত্ররা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধে বহিষ্কৃত শিক্ষার্থীরাও পদ পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, সর্বোচ্চ ১২১ সদস্যের কমিটি ঘোষণা করার নিয়ম থাকলেও এ কমিটিতে আছেন ৩৮৮ জন। এ ছাড়া ছাত্রলীগের অন্যান্য শাখা কমিটিতে পদ থাকার পরও নতুন করে কমিটিতেও পদ পেয়েছেন কয়েকজন।

ছাত্রলীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে এত বড় কমিটি হওয়া নিয়ে পদ পাওয়া এক নেতা প্রশ্ন তুলেছেন। নতুন কমিটির উপমুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক ফারহান আনজুম প্রথম আলোকে বলেন, ‘এ কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, অবৈধভাবে হলে থাকা পোষ্য কোটায় ভর্তি শিক্ষার্থী এবং মাদক কারবারে অভিযুক্ত ব্যক্তিরাও পদ পেয়েছেন। ছাত্রলীগের জন্য এটি কলঙ্কের।’

মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির এ বিজ্ঞপ্তি মঙ্গলবার রাত সোয়া ৯টায় ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পরে রাত সোয়া ১২টায় বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তাসমিয়া মেহরিনকে সহসভাপতি করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা বলেন, সই করার পর কমিটি সংশোধনের সুযোগ নেই। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
গত ৩ জানুয়ারি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি এবং দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দুই সদস্যের এই আংশিক কমিটি ঘোষণার ১১ মাস পর পূর্ণাঙ্গ করা এই কমিটিতে সহসভাপতি হয়েছেন ১০১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সহসম্পাদক ৬৬ জন এবং সদস্য ৫৫ জন। এ ছাড়া বিভিন্ন সম্পাদক ও উপসম্পাদক পদে আরও ১৪২ জন আছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বিভিন্ন সময়ে যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল, আমরা তাদের দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছি এবং শোধরানোর সুযোগ দিয়েছি। তাই অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও তাদের কমিটিতে স্থান দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাজধানীর একটি ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ৯৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সহসম্পাদক হাবিবুর রহমান এবং কর্মী সৈয়দ লায়েব আলীর বিরুদ্ধে। হাবিবুর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আর সৈয়দ লায়েব আলী পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতির পদ পেয়েছেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

২০১৯ সালের ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর আত্মীয়কে মারধর করে ছিনতাই ও তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ওই পাঁচজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মুসতাক আহমেদ হয়েছেন সহসভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের আল-রাজি সরকার পেয়েছেন উপছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদকের পদ।

২০১৯ সালের ২২ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগ দেওয়ার ঘটনায় ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফয়জুল ইসলাম পেয়েছেন উপক্রীড়াবিষয়ক সম্পাদকের পদ এবং ইতিহাস বিভাগের সারোয়ার হোসেন হয়েছেন উপকৃষিবিষয়ক সম্পাদক। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর ছিনতাইয়ে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনা ও এক সাংবাদিককে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত বাংলা বিভাগের ৪৫তম ব্যাচের শুভাশীষ ঘোষ পেয়েছেন উপধর্মবিষয়ক সম্পাদকের পদ।

গত ২ আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে এক সাংবাদিককে নির্যাতনের দায়ে বহিষ্কৃত আইন ও বিচার বিভাগের মাসুম বিল্লাহ হয়েছেন সহসম্পাদক। আর গত ৬ আগস্ট মাওলানা ভাসানী হল ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত খালিদ হাসান ও সাব্বির হোসেন কমিটিতে সদস্য হয়েছেন।

এ বছরের ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার একটি ডিশ ও ইন্টারনেট ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় ভাঙচুর ও মালামাল লুটপাটে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সহসভাপতি হয়েছেন সাজ্জাদুল ইসলাম ও এহসানুল হক, আর সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ফারসাদ হোসেন ও মেহেদী জয়। এ ছাড়া র‌্যাগিং, মারধরসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় থেকে নানা মেয়াদে বহিষ্কৃত এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিতর্কিত আরও অন্তত ১০ জন ছাত্রলীগের এ কমিটিতে পদ পেয়েছেন। এর বাইরে শাখা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত নন, এমন অনেকেই পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সোহান খান প্রথম আলোকে বলেন, ‘কমিটিতে বহিষ্কৃত কেউ থাকলে, সেটি অন্যায়। ছাত্রলীগে এ ধরনের কমিটি হতে পারে না। একই সঙ্গে কোনো ইউনিটে পদে থাকা অবস্থায় নতুন করে অন্য কোনো ইউনিটে পদে থাকা ছাত্রলীগের জন্য অবমাননাকর।’

এ দিকে বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তর শেষ হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়াসহ নানাভাবে ছাত্রত্ব টিকিয়ে রাখলেও বড় জোর ৪৪তম ব্যাচ পর্যন্ত ছাত্রত্ব আছে। অথচ পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান পেয়েছেন ৪২ ও ৪৩তম ব্যাচের শিক্ষার্থীরা। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া কেউ কমিটিতে পদ পাওয়ার যোগ্য নন।

ছাত্রলীগের পদবঞ্চিত কর্মীরা বলছেন, কিছু নেতা-কর্মী জেলা ও উপজেলায় পদে থাকার পরও বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ এ কমিটিতে পদ পেয়েছেন, যাঁদের মধ্যে ঢাকা জেলা উত্তরের সহসভাপতি শান্ত মাহবুবকে দেওয়া হয়েছে ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের পদ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা হয়েছেন কর্মসংস্থানবিষয়ক সম্পাদক এবং বান্দরবানের আলীকদম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি থোয়াই মহাজন হয়েছেন সদস্য।

কেন্দ্রীয় কমটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ উঠলে তার ব্যাখ্যা দেবেন সভাপতি ও সাধারণ সম্পাদক।