হরিয়ান ইউপি নির্বাচন
আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সংসদ সদস্যের অবস্থান, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ
রাজশাহী–৩ আসনের (পবা–মোহনপুর) সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন এলাকায় অবস্থান করায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন চেয়ারম্যান প্রার্থী।
আজ বুধবার বেলা ১১টায় হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ও জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। একই সভায় আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের বিরুদ্ধে হুমকি–ধমকি দেওয়ার অভিযোগ তুলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্য আয়েন উদ্দিনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। তিনি এখানকার ভোটার নন। তিনি পবার হরিয়ান ইউনিয়নে এসে একাধিকবার নৌকা প্রার্থীর পক্ষে বক্তব্য দিয়েছেন। এ কারণে এই ইউপির চেয়ারম্যান প্রার্থীরা ক্ষুব্ধ। তাঁরা এর প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এ বিষয়ে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, অভিযোগগুলো যাচাই–বাছাই চলছে। অথচ আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলো প্রকাশ্যেই ঘটছে।
ইউপি (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর ২২ ধারায় স্পষ্ট করে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি; অর্থাৎ প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, মন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্যরা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কিন্তু সংসদ সদস্য আয়েন উদ্দিন এই বিধি না মেনে হরিয়ান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন। সর্বশেষ তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌকা প্রার্থী পক্ষে এক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। এর আগেও এই নির্বাচন নিয়ে তিনি একাধিক জায়গায় কথা বলেছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলার জন্য সংসদ সদস্য আয়েন উদ্দিনের মুঠোফোনে ফোন করা হলে তিনি দাবি করেন, তিনি নির্বাচনী এলাকার বাইরে সভায় বক্তব্য দিয়েছেন। ওই এলাকার ভেতর দিয়ে যাওয়ার সময় চা খেয়েছেন। এটা করলেই ভোট চাওয়া হয় না।
আজ হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটরিয়ামে হরিয়ানা ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা আয়োজন করে রাজশাহী মহানগর পুলিশ। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান।
এ সভায় ইউনিয়ন নির্বাচনের ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন। ওই সভায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেবর আলী (মোটরসাইকেল প্রতীক), আরেক বিদ্রোহী প্রার্থী মাসুম মোল্লা (আনারস প্রতীক), জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন (চশমা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ (ঘোড়া প্রতীক) ও আতিকুর রহমান (চশমা প্রতীক) অংশ নেন।
সভায় নির্বাচনী পরিবেশ আর সংসদ সদস্যের এলাকায় আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেবর আলী, মাসুম মোল্লা ও জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন। এ সভায় নৌকা প্রার্থী আবুল হোসেন দাবি করেন, নির্বাচনের পরিবেশ ভালো। কারও সঙ্গে কারও কোনো বিরোধ নেই। যারা শঙ্কার কথা প্রকাশ করছেন, তাঁরা গুজব ছড়াচ্ছেন।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জেবর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নেতা-কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। মামলা দেবে, উঠিয়ে নেবে বলে প্রচারণা চালাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় সংসদ সদস্য এসে নানা রকম বক্তব্য দিচ্ছেন। গত ২৭ জুন সংসদ সদস্য এসে বক্তব্য দেন এখানে। তিনি বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। গতকাল বিকেলেও হরিয়ান বাজারে এসে দলীয় প্রার্থীর ভোট চেয়ে বক্তব্য দেন তিনি। ওই সভা থেকে ফেরার পর সন্ধ্যায় আশরাফের মোড়ে গিয়ে সংসদ সদস্য পথসভা করে বলেছে যে নৌকার প্রার্থীকে যেকোনোভাবে পাস করাতে হবে। এখানে প্রধানমন্ত্রী এসে জনসভা করেছিলেন। এখানে নৌকার প্রার্থীকে পরাজিত করা যাবে না। যেভাবেই হোক জিতিয়ে নিতে হবে। এ বক্তব্যের পর থেকে তাঁরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত।
কাটাখালী থানা জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন বলেন, একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন সংসদ সদস্য আসবেন? নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তিনি তো এখানে আসার কথা না। কিন্তু তিনি এখানে এসে ভোট চাচ্ছেন। নানা ধরনের আক্রমণাত্মক কথা বলছেন। তাঁর কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। ভোট চাইতে গেলে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন। এটা কী করে সম্ভব। তিনি আরও বলেন, এলাকায় প্রচারণা চালানো হচ্ছে যে ভোট যাই হোক না কেন উপজেলায় গিয়ে ভোট গণনা করে নৌকার পক্ষে নেওয়া হবে। এ বিষয়গুলো শোনার পর ভোটাররা শঙ্কিত।
চেয়ারম্যান প্রার্থীদের অভিযোগ শোনার পর ওই সভায় রাজশাহী মহনগর পুলিশ কমিশনার বলেন, তাঁরা এই ইউনিয়নে নির্বাচনে পর্যাপ্ত পুলিশ ফোর্স রাখবেন। পাঁচ স্তরের নিরাপত্তা দেওয়া হবে। নির্বাচনে পুলিশ কাউকে হয়রানি করবে না। এখানে ভোট হবে সুষ্ঠু। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
এ বিষয়ে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। তা যাচাই–বাছাই করা হচ্ছে। সংসদ সদস্যের এলাকায় সভা করার বিষয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় এ ধরনের সভা করতে পারেন না তিনি। তিনি বিষয়গুলো যাচাই–বাছাই করে দেখছেন। যাচাই–বাছাই করেই ব্যবস্থা নেওয়া হবে।
এ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আবদুর রকিব, উপপুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন পুলিশের মতিহার বিভাগের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার মো. একরামুল হক।