মুখরোচক খাবার
চাহাউ চেম্বাক নিয়ে নতুন আশা
এ খাবার এখন চাইলেই পাওয়া যাচ্ছে না। পৃষ্ঠপোষকতার অভাব আর চেম্বাক তৈরিতে পারদর্শীদের আর্থিক দৈন্য এটিতে বিলুপ্তির পথে নিয়ে গেছে।
‘চাহাউ’ অর্থ বিন্নি। আর ‘চেম্বাক’ হচ্ছে চিড়া। ‘চাহাউ চেম্বাক’ মণিপুরি ভাষার এই খাদ্য একসময় ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে এককার ছিল। বছরের প্রায় অর্ধেক সময়জুড়ে এ খাবার রাজত্ব করত ধনী-গরিব নির্বিশেষে। চাইলেই মিলত ‘চাহাউ চেম্বাক’। এটি মণিপুরি ছাড়াও ছিল বিভিন্ন সম্প্রদায়ের মুখরোচক খাবারের তালিকায়।
তবে এ খাবার এখন চাইলেই পাওয়া যাচ্ছে না। পৃষ্ঠপোষকতার অভাব আর চেম্বাক তৈরিতে পারদর্শীদের আর্থিক দৈন্য এটিতে বিলুপ্তির পথে নিয়ে গেছে। কোথায় গেলে মিলবে ঐতিহ্যের এই খাবার? এমন উৎসুকের মধ্যে ঐতিহ্যের এ খাবারকে পর্যটন ব্র্যান্ডিংয়ের উদ্যোগ হিসেবে আবার ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
‘চাহাউ চেম্বাক’ শব্দ দুটির অর্থ ‘বিন্নি চিড়া’। অগ্রহায়ণ থেকে চৈত্র মাস—এই পাঁচ মাসজুড়ে এ চিড়ার কদর থাকে। একসময় এটি দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ভারতেও রপ্তানি হতো। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার সঙ্গে সঙ্গে শুরু হতো চিড়া বানানোর আয়োজন। সে সময় মণিপুরি–অধ্যুষিত এলাকাগুলোতে ঢেঁকিতে চিড়া ভাঙা ও বিন্নি চিড়ার ম ম গন্ধ করত। সেগুলো নিজেদের খাবার হিসেবে রেখে বাকিটুকু স্থানীয় বাজারে বিক্রি করতেন। তবে পৃষ্ঠপোষকতার অভাবে এ চিড়া এখন অনেকটা লোকচক্ষুর অন্তরালে।
গোয়াইনঘাট উপজেলা সূত্রে জানা গেছে, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের মণিপুরিপাড়ায় একসময় চাহাউ চেম্বাকের বড় উৎপাদনস্থল ছিল। ৩৫-৪০ বছর আগে ওই গ্রামের প্রায় প্রতিটি ঘরে বিন্নি চিড়া বানানো হতো। সেটি এখন দুই থেকে তিনটি ঘরে নেমে এসেছে। ওই গ্রামে আগে শতাধিক মণিপুরি পরিবার বসবাস করলেও এখন প্রায় ২০টি পরিবারে নেমে এসেছে। তবে চাহাউ চেম্বাকের চাহিদা এখনো রয়েছে। যেটি ওই এলাকাকেন্দ্রিক বেচাকেনা হয়ে থাকে।
সম্প্রতি বগাইয়া গ্রামের মণিপুরি পাড়ায় গিয়ে ১০টি পরিবারের সঙ্গে কথা হয়। এর মধ্যে দুটি পরিবার ‘চাহাউ চেম্বাক’ বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঘরে থাকা ঢেঁকি নিয়ে বসানো হচ্ছিল নির্দিষ্ট স্থানে। ঠিকঠাক করা হচ্ছিল ঢেঁকির ‘শিয়া’। তবে অন্য পরিবারগুলো চিড়া বানানোর ইচ্ছা থাকলেও আর্থিক অসচ্ছলতায় অগ্রহায়ণের বিন্নি ধান কেনার মতো সামর্থ্য বা সচ্ছলতা না থাকায় কিছুটা পিছু হটেছেন।
চাহাউ চেম্বাক প্রস্তুত করেন এমন পাঁচজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের গ্রামে প্রচুর পরিমাণে বিন্নি ধানের চাষ হয়। বিন্নি বিভিন্ন জাতের হয়ে থাকে। এর মধ্যে এলাকায় গন্ধি বিরণ নামের একধরনের বিন্নি ধান রয়েছে। সেটিই মূলত চাহাউ চেম্বাকের জন্য উৎকৃষ্ট। সে ধান সংগ্রহের পর প্রথমে ধুয়ে নিতে হয়। ময়লা পরিষ্কার করে রাতে ভিজিয়ে রাখতে হয়। পরে ভোরের দিকে সেটি তুলে নিয়ে চুলায় কড়াইয়ে ভেজে এক পাশে
দেওয়া হয় ঢেঁকিতে। সে সময় দুজন মূলত চিড়া তৈরির কাজে থাকেন। এতে একজনকে দুই হাত দিয়ে কাজ করতে হয়। অন্যজন শুধু ঢেঁকি পা দিয়ে তালে তালে ভানেন। তবে এ চিড়া তৈরিতে বিশেষ দক্ষতা না থাকলে চিড়া হওয়ার সম্ভাবনা কম থাকে। নষ্ট হয়ে যেতে পারে ধান ও চিড়া দুটোই। ভুল হলে চিড়াগুলো একটির সঙ্গে আরেকটি লেগে যাবে। আবার বেশি ভাজা হয়ে গেলে চিড়াগুলো হয়ে যাবে গুঁড়া গুঁড়া বা চালের আকারে রয়ে যাবে। এর জন্য মণিপুরিদের হাতই উপযোগী।
ওই গ্রামের প্রফুল্ল সিংহ নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় চাহাউ চেম্বাকের চাহিদা রয়েছে। কখনো নিজ গ্রামের বাইরে এ চিড়া বাণিজ্যিকভাবে নিয়ে যাননি। এ জন্য বাইরের চাহিদা সম্পর্কে ধারণা নেই। তবে পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এ চিড়া সবার আকর্ষণের পাশাপাশি উৎকৃষ্ট খাবারে পরিণত হতো। আগে তিনিও নিজের ঘরে চিড়া বানাতেন। এখন সে সামর্থ্য নেই। চিড়া বানানোর জন্য অগ্রহায়ণ মাসের শুরুতে বিন্নি ধানের চাষিরা অগ্রিম লগ্নি চান। সেটি মণ হিসাব করলে প্রতি মণ দুই হাজার টাকা। অন্তত বাণিজ্যিকভাবে বিক্রির জন্য অগ্রহায়ণ মাসেই লাখখানেক টাকা অগ্রিম লগ্নি করতে হয়। পরে সে ধান নিয়ে এসে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় চাহাউ চেম্বাক।
ওই গ্রামের ধনী সিংহ প্রতিবছর এলাকায় অগ্রহায়ণ মাসের পর অনেকটা ফেরি করে বিক্রি করতেন এই চিড়া। প্রায় ২০ বছর তিনি এমন ব্যবসা করেছেন। তিনি বলেন, আগে অগ্রহায়ণ মাসে চিড়া ভাঙানো শুরুর পর এলাকার প্রতি ঘর থেকে দুই–পাঁচ কেজি পর্যন্ত কিনে রাখত। তবে এখন মণিপুরি চিড়া তেমন বানানো হয় না। চাহিদা থাকলেও উদ্যোক্তা নেই।
ইউপি সদস্য মতি পদ্মা দেবী বলেন, মণিপুরিদের ঐতিহ্যের ‘চাহাউ চেম্বাক’কে প্রচারণা এবং পরিচিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি। আরও কথা হয়েছে ওই গ্রামের কালা সানা সিংহ, হিরেন্দ্র সিংহ, নিরেন্দ্র সিংহ, রাধা রানী দেবী, গপেন সিংহ ও বিরেন সিংহ। সবার এক কথা। পৃষ্ঠপোষকতা পেলে তাঁরা আবার উদ্যোগী হবেন চাহাউ চেম্বাক তৈরিতে। তখন চাইলেই মেলবে চাহাউ চেম্বাক।
প্রাকৃতিক পর্যটনকেন্দ্রস্থল গোয়াইনঘাট। বিখ্যাত জলাবন রাতারগুল, পাহাড়-নদীর জাফলং, জলপাথরের শয্যা বিছনাকান্দি, মায়াবী ঝরনা, পান্থুমাইসহ বিভিন্ন প্রাকৃতিক পর্যটনকেন্দ্রের টানে পর্যটকেরা গোয়াইনঘাট যান। ‘পর্যটনে নতুন ভাবনা’ হিসেবে গত পর্যটন দিবসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ঐতিহ্যবাহী ‘বারকি’ নৌকাকে পর্যটন ব্র্যান্ডিং প্রস্তাব করে বিভিন্ন মহলে সমাদৃত হয়। এবার খাদ্যপণ্য হিসেবে ‘চাহাউ চেম্বাক’কে ব্র্যান্ডিং উদ্যোগ হিসেবে নেওয়ায় আশার আলো দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পর্যটন ব্র্যান্ডিং উদ্যোগের উদ্যোক্তা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান জানান, ইতিমধ্যে তিনি ঐতিহ্যসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রাথমিক একটি রূপরেখা তৈরি করেছেন। বাংলাদেশে কেবল সিলেট অঞ্চলে মণিপুরি সম্প্রদায়ের বসবাস হওয়ায় চাহাউ চেম্বাকের সঙ্গে আঞ্চলিক উদ্যোগও বিকশিত হবে।
ইউএনও বলেন, ‘মণিপুরি সম্প্রদায়ের লুপ্ত খাবারকে আবার সামনে নিয়ে এলে পর্যটকদের আকর্ষণের মাধ্যমে শুধু জনজাতি নয়, সব সম্প্রদায়ের লোকেরা তাঁদের নিজস্ব সৃষ্টি, কৃষ্টিকে লালন করার প্রেরণা পাবে।’
ঐতিহ্যের খাবার নিয়ে পর্যটন ব্র্যান্ডিং উদ্যোগ সিলেটে প্রথম হচ্ছে বলে উদ্যোক্তাদের অভিনন্দিত করেছেন ‘সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট’ সিলেটের প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল হাই আল হাদী। তিনি বলেন, শুধু পর্যটন এলাকা নয়, পর্যটন বিকাশে চাই সিলেটের আদি ঐতিহ্য, সংস্কৃতি ও খাবারের সঙ্গে পরিচিতি।