কক্সবাজারে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশা, নারীসহ ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। আজ রাতেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন, তাঁদের মধ্যে একটি শিশু রয়েছে। সংঘর্ষের পর অটোরিকশাটি যাত্রীসহ বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে কয়েক শ যানবাহন আটকা পড়ে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও থানার সামনে বাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং গুরুতর আহত দুজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন এবং বান্দরবানের লামার সাইফুল ইসলাম। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় রাত সাড়ে নয়টা পর্যন্ত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং অটোরিকশাটি কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল। ঈদগাঁও থানার সামনে বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শী ঈদগাঁও বাজারের ব্যবসায়ী আবদুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি যাত্রীসহ বাসের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে বাসের নিচ থেকে অটোরিকশা ও যাত্রীদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত এক নারী ও এক পুরুষকে কক্সবাজারে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন

দুর্ঘটনায় আহত অন্তত চারজনকে ঈদগাঁও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একটি শিশু রয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী কয়েক শ যানবাহন আটকা পড়ে। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার এক নারীসহ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়েছিল। রাত আটটার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।