ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দাবিতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ির ইউএনও কার্যালয়ের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে তোলাছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের বিষয়টি জানাজানি হলে বেলা একটার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিতরা ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামও আছে। তাঁরা এই তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অফিসকক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে একটার দিকে পরিস্থিতি শান্ত করেন।

ওই নিয়োগের প্রতিবাদ জানিয়ে ইউএনও কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা
ছবি: সংগৃহীত

অবিলম্বে এ তালিকা বাতিলের দাবি জানিয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় তাঁদের নামও আছে। এ কারণে দলীয় নেতা-কর্মী ও নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন।

এ বিষয়ে জানতে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।