নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা তিনজন বন্ধু। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কলমাকান্দা উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় মিয়া (২২) এবং একই গ্রামের সজীব মিয়ার ছেলে সোহান মিয়া (২১)। আর আহত বিল্লাল হোসেন (১৯) একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে নিবিড় মিয়াসহ তাঁদের কয়েকজন বন্ধু দুটি মোটরসাইকেলে করে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে চা পান করতে যান। চা পান শেষে রাত একটার দিকে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে চান্দুয়াইল এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলের আরোহীরা পেছনের মোটরসাইকেলটিকে দেখতে না পেয়ে খোঁজ নিতে উল্টো পথে ফিরে যান।
একপর্যায়ে গজারমারি সেতু–সংলগ্ন সড়কের পাশে খাদে একটি মোটরসাইকেলসহ তিন বন্ধুকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নিবিড় মিয়া ও সোহান মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসাধীন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।