ফরিদপুর জেলা বিএনপির দুই শীর্ষ নেতার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ককটেল বিস্ফোরণের পর বিএনপি নেতা এ কে কিবরিয়ার বাড়িতে পুলিশ
ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও সদস্যসচিব এ কে কিবরিয়ার বাসভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। আজ রোববার রাত সোয়া আটটার দিকে শহরের পূর্ব খাবাসপুরে কিবরিয়ার বাড়িতে এবং রাত পৌনে নয়টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় মোদাররেছের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

এ কে কিবরিয়া প্রথম আলোকে বলেন, রাত সোয়া আটটার দিকে পূর্ব খাবাসপুরে তাঁর বাসভবনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনার পাঁচ মিনিট আগে তিনি বাসায় ফেরেন। এরপর বিকট শব্দ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন বাসার সামনে বাগানে ধোঁয়া উড়ছে। এরপর তিনি বাইরে বেরিয়ে আসেন। পরে আশপাশের বাসিন্দারা জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন তরুণ এসে সেখানে ককটেল বিস্ফোরণ করে চলে গেছেন। তাঁদের সবার মুখ ঢাকা ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে জানান।

খবর পেয়ে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এএসআই রেজাউল সাংবাদিকদের বলেন, এ কে কিবরিয়া তাঁর বাসায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে তাঁদের জানান। কিন্তু ঘটনাস্থলে তাঁরা কোনো আলামত পাননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার কিছুক্ষণ পর রাত পৌনে নয়টার দিকে শহরের ঝিলটুলীতে বিএনপির নেতা সৈয়দ মোদাররেছ আলীর বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলটি মোদাররেছের বাসভবনের সামনে আরেকটি বহুতল ভবনের সামনে বিস্ফোরিত হয়।

কোতোয়ালি থানার ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুই নেতার বাড়ির সামনে ককটেলের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

সৈয়দ মোদাররেছ আলী প্রথম আলোকে বলেন, আগামীকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগের দাবিতে ফরিদপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। শহরের কাঠপট্টি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ বানচাল করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপির নেতাদের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।