ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি

যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত ককটেল ও চিরকুট উদ্ধার করে পুলিশছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ির উঠান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপির ওই নেতার নাম শিমুল হোসেন। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

ককটেলের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি।’

শিমুল হোসেন সাংবাদিকদের বলেন, সকালে উঠানের এক পাশে লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখে সন্দেহ হয়। পুলিশে খবর দিলে সেগুলো উদ্ধার করে। কাছেই পাওয়া চিরকুটে হত্যার হুমকিসহ গালিগালাজ লেখা ছিল। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে কে বা কারা বাড়িতে ককটেল ছুড়ে মেরেছে, কিন্তু সেগুলো ফাটেনি।

যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবির (পুলিশের গোয়েন্দা শাখা) একটি দল ও স্থানীয় থানা-ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। হাতবোমা সন্দেহ করা বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে যশোর শহরের আদালত চত্বর, জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়–সংলগ্ন এলাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হননি।

আরও পড়ুন

পুলিশের একটি সূত্র জানায়, ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল বাড়ানো হয়েছে।