এসএসসির কেন্দ্রে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত এসএসসি পরীক্ষার্থী নাহিদ হোসেন
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম নাহিদ হোসেন (১৫)। সে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কোণাখোলা এলাকার সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের ছেলে। এ বছর সে শাক্তা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকার ইস্পাহানি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে নাহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। এরপর পরীক্ষার্থীদের হাতে মূল্যায়ন খাতা দেওয়ার সময় শ্রেণিকক্ষের ভেতরে বেঞ্চে বসে থাকা অবস্থায় নাহিদ হঠাৎ অসুস্থবোধ করে। ওই সময় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ থাকা নাহিদের বাবা ও মাকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়।

পরে চিকিৎসার জন্য নাহিদকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষক রিয়াজুল আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাক্তা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ বলেন, ‘নাহিদের শ্রেণি শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি, সে দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে আক্রান্ত ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মৃতের পরিবারের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি।’

কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুননাহার বেগম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু ছেলেটি আগে থেকেই অসুস্থ ছিল, বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে আমাদের অবগত করলে আমরা ওই পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতে পারতাম।’