ফরিদপুর–৪ আসন: দাঁড়িপাল্লাকে সমর্থনে নির্বাচন থেকে সরলেন রিকশার প্রার্থী
ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের দুই দল বাংলাদেশ খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে সমঝোতা হয়েছে। জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে (দাঁড়িপাল্লা) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা (রিকশা)।
এর আগে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ফরিদপুর–৪ আসনে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিষয়টি উন্মুক্ত রাখা হয়। এতে দুই প্রার্থীই তাঁদের প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালান।
মিজানুর রহমান মোল্লা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১–দলীয় জোটের পক্ষে সমর্থন দিয়ে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করব।’
ফরিদপুর–৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ‘রিকশা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মোল্লা একজন বড় মনের মানুষ এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। ১১–দলীয় জোটকে শক্তিশালী করতে তিনি নিজের নির্বাচনী কার্যক্রম থেকে সরে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোটের মাঠে সমর্থন দিয়ে কাজ করবেন। এতে ইসলামি দলগুলো আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর–৪ আসনে দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান আজ শুক্রবার দুপুরে বলেন, ‘ঢাকা থেকে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন সমন্বয় কমিটির সিদ্ধান্ত ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সুপারিশে আমাদের প্রার্থী মিজানুর রহমান মোল্লা জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তো ব্যালট পেপার থেকে নাম প্রত্যাহার করা সম্ভব নয়, তারপরও আমরা আমাদের ভোট জামায়াতের প্রার্থীকে দেব এবং তাদের পক্ষে কাজ করব।’