ছেলে লাশ হয়ে মর্গে, বাবা হাসপাতালের শয্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বাবার পিকআপ ভ্যানে ঘুরে বেড়ানোর আবদার করেছিল ছেলে। সে অনুযায়ী ছেলেসহ পিকআপ ভ্যানে মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন বাবা। কিন্তু বাবার সঙ্গে আর বেশিক্ষণ বেড়ানো হয়নি ছেলের। ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ছেলে প্রাণ হারায় এবং বাবা গুরুতর আহত হন। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া টঙ্গীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই এলাকায় অপর এক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদ হানিফের ছেলে আরাফাত হোসেন (১২) ও ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের মো. মোস্তফার ছেলে ব্যবসায়ী আবদুর রহিম (৪০)। আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আবদুর রহিমের লাশ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে পিকআপ ভ্যানে কুমিল্লার দিকে যাচ্ছিলেন চালক মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফের ছেলে আরাফাত হোসেন রহমান বাবার সঙ্গে বেড়ানোর জন্য পিকআপে উঠেছিল। তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায় হলেও তারা চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। পথে ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এরপর পিকআপ ভ্যানটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের গর্তে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানচালকের ছেলে স্কুলছাত্র আরাফাত ঘটনাস্থলেই নিহত হয় ও তার বাবা মারাত্মক আহত হন।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহত আরাফাতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত বাবাকে ভর্তি করা হয়েছে ও আরাফাতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আবুল কাশেম নামের পিকআপ ভ্যানচালক মোহাম্মদ হানিফের একজন স্বজন জানান, ছেলে আরাফাত হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। কয়েক দিন আগে সে বাবার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরে। ছেলের আবদার রক্ষা করতে তাকে পিকআপের সামনের আসনে বসান হানিফ। বিকেলে বাবা ও ছেলে একসঙ্গে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু এখন ছেলে লাশঘরে আর বাবা হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন।

আজ দুপুর ১২টার দিকে অপর এক দুর্ঘটনায় নিহত আবদুর রহিম বাড়ি থেকে মোটরসাইকেলে মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় তাঁর দোকানে যাচ্ছিলেন। ছনুয়া টঙ্গীরপাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী বলেন, পুলিশ পৌঁছার আগেই আবদুর রহিমের স্বজনেরা তাঁকে বাড়ি নিয়ে গেছেন। আরাফাতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।