ধুনটে বালু তোলা নিয়ে সংঘর্ষে দুজন আহত
বগুড়ার ধুনট উপজেলায় জমিতে স্তূপ করে রাখা বালু সরানোর ঘটনা কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের আবুল কালাম (৫৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেন (৩২)। তাঁদের মধ্যে আবুল কালাম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও দেলোয়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে সরকারিভাবে বাঙ্গালী নদীর বিলচাপড়ি গ্রামের কাছে খননকাজ শুরু করা হয়। সেই খননকাজের বালু বিলচাপড়ি গ্রামের আবুল কালামের আবাদি জমির ওপর স্তূপ করে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে সেখান থেকে বালু সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু কিছু বালু ওই জমিতে থেকে যায়।
স্থানীয় লোকজন জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী দেলোয়ার হোসেন। আজ সকালে তিনি আবুল কালামের জমি থেকে বালুসহ মাটি কেটে নিতে যান। এতে বাধা দেন আবুল কালাম। তখন তাঁদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে দেলোয়ারের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কালাম আহত হন। খবর পেয়ে আবুল কালামের লোকজন দেলোয়ারকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে আবুল কালামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আবুল কালামের দাবি, তাঁকে ছুরিকাঘাত করেছেন দেলোয়ার। তবে দেলোয়ার হোসেন দাবি করেছেন, আবুল কালাম আগে তাঁকে আঘাত করায় তিনি নিড়ানি (কাস্তে) দিয়ে তাঁকে আঘাত করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।