নায়াব ইউসুফকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমির হামজাকে গ্রেপ্তারের দাবি
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজার বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন হয়েছে। এ কর্মসূচিতে বক্তারা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর মহিলা দল। জেলা মহিলা দলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর মহিলা দলের সভাপতি রুকসানা পারভীন (পাপিয়া), জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলা দলের অনেকে।
সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে খোদ জাতীয় সংসদের নারী সংসদ সদস্য রুমিন ফারহানা, ফারজানা শারমিন ও নায়াব ইউসুফকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন আমির হামজা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমির হামজার এমন আপত্তিকর মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা ফরিদপুরের কৃতী সন্তান গণমানুষের নেত্রী সংসদ সদস্য নায়াব ইউসুফের নাম জড়িয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদের কোনো ভাষা নেই। সংসদ সদস্যের মতো একটা দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি কীভাবে এই কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন, তা ভেবে অবাক হওয়ার মতো। বক্তারা আমির হামজার কাছে দ্রুত তাঁর বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।