তিস্তায় আবারও পানি বেড়েছে, এক হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা ঢলে বসতঘরে পানিতে তলিয়ে গেছে । দূরের উঁচু একটি বাড়ি থেকে ভুট্টা ভেজে নিয়ে এসেছেন কল্পনা বেগম। পানিতে দাঁড়িয়ে সেই ভুট্টা খাচ্ছে মানুষ। আজ শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট এলাকায়
ছবি: প্রথম আলো

ভারতের উজান থেকে আবারও পাহাড়ি ঢল নেমে আসায় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বেড়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে পানি বাড়তে থাকে। এতে উপেজলার চার ইউনিয়নের এক হাজারের অধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড রংপুর কার্যালয়ের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। সেখানে পানি প্রবাহিত হচ্ছে ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার। অর্থাৎ ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড রংপুর কার্যালয়ের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আরও জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর উজানের অংশ ভারতের সিকিম ও গ্যাংটকে পুনরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে এ সময় তিস্তা নদীর পানি পুনরায় বৃদ্ধি পেতে পারে।

এদিকে তিস্তা নদীতীরবর্তী জেলার গঙ্গাচড়া উপজেলার নদীতীরবর্তী লক্ষ্মীটারি, কোলকোন্দ, নোহালী ও আলমবিদিতর—এই চার ইউনিয়নের চরাঞ্চলের এক হাজারের অধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে অনেকেই নিরাপদ শুকনা স্থান কিংবা বাঁধে ছুটে গেছেন।

আজ শুক্রবার পানিবন্দী কয়েকজন বলেন, তিস্তার পানি গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে বাড়তে শুরু করে। চরাঞ্চলসহ নিচু এলাকার যেসব স্থান শুকনা ছিল, সেসব স্থানে এখন পানি উঠেছে। যেভাবে পানি বাড়ছে, তাতে করে আজ-কালকের মধ্যে নদীতীরবর্তী এলাকায় পানি বেড়ে যেতে পারে বলে চরাঞ্চলের মানুষের ভাষ্য।
আজ শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, লক্ষ্মীটারি ইউনিয়নের চরাঞ্চলের বাগেরহাট গ্রামটি পুরোদমে পানিবন্দী হয়েছে। এই গ্রামে প্রায় ৪০০ পরিবারের বাস। প্রতিটি বাড়িতেই পানি। বাড়ির আঙিনা ও রাস্তায় হাঁটুসমান পানি। এরই মধ্যে কেউ কেউ উঁচু স্থানে ছুটে গেছেন।

রেজিনা বেগমের (৬৫) স্বামী নেই। অনেক আগে মারা গেছেন। তিনি ছেলেমেয়েকে নিয়ে থাকেন। দুই ছেলে রিকশা চালান। আঙিনা ও ঘরের মধ্যে পানি ওঠায় ধানের মাচার ওপর রান্না করছেন। তিনি বলেন, ‘ভাদ্র মাসে এভাবে বন্যা খুব কম হয়। তার ওপর এবার চারবার নদীর পানি বাড়িত উঠল। হামারগুলার খুব কষ্ট হইছে। পানির মধ্যে হাঁটাচলা করিয়া বিছানার ওপর বসি থাকা লাগে।’

এমনি করে একই ধরনের অভিব্যক্তি জানান ইউনিয়নের বাগেরহাট গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন, আবদুল লতিফ, ভুট্টু মিয়া, মজিদুল ইসলাম, সানোয়ার হোসেন মোখলেছ মিয়াসহ আরও অনেকে।

লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহেল হাদী বলেন, ভারতের উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসছে। এই নিয়ে এ বছর চারবার বন্যা হলো। প্রতিবারের মতো এবারও পানিবন্দী মানুষজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমার ইউনিয়নের চরাঞ্চলের পাঁচটি গ্রামে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিটি বাড়িতেই একহাঁটু পানি। কোথাও কোথাও কোমরসমান পানিও আছে। আগে শুকনা খাবার দেওয়া হলেও এবার এখনো বরাদ্দ পাওয়া যায়নি। এরপরও বন্যাকবলিত মানুষজনকে শুকনা খাবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, উত্তর চিলাখাল, সাউথপাড়া, মটুকপুরসহ চার গ্রামের তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ে অনেকেই বাড়িঘর ছেড়ে শুকনা স্থানে ছুটে গেছেন বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়।