শেরপুরে ইকোপার্কের একমাত্র চিত্রা হরিণটি চুরির পর জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলার মানচিত্র

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানায় থাকা একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার এক ব্যক্তিকে বন বিভাগ আটক করেছে। তাঁর নাম বাদশা মিয়া (৩৫)। তিনি উপজেলার সীমান্তবর্তী বাতকুচি গ্রামের জাহেদ আলীর ছেলে।

বন বিভাগের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে বাদশা মিয়াকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাদশা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, জবাই করা হরিণটির চামড়া একটি পুকুর থেকে উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানায় দুটি হরিণ ছিল। গত ৯ এপ্রিল পার্কের ভেতরে বিভিন্ন স্থানে হরিণের শরীরের বিভিন্ন অংশ পাওয়া যায়। হরিণটি শেয়াল খেয়ে ফেলেছে বলে পরে বন কর্মকর্তারা জানান। এরপর ওই মিনি চিড়িয়াখানায় একটি চিত্রা হরিণ ছিল।

গত রোববার রাতে ইকোপার্ক থেকে বাতকুচি নামাপাড়া এলাকার কয়েকজন দুর্বৃত্তরা হরিণটি চুরি করেন। এটি জবাই করার পর ভাগ-বাঁটোয়ারা করে সবাই মাংস নিয়ে যান।

গতকাল ভোরে বন বিভাগের লোকজন বিষয়টি টের পেয়ে তদন্তে নামেন। পরে গতকাল বাতকুচি বাজার থেকে ওই গ্রামের বাদশা মিয়াকে আটক করেন বন বিভাগের লোকজন। বাদশার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির পুকুর থেকে জবাই করা হরিণটির চামড়া উদ্ধার করা হয়।

বন্য প্রাণী সংরক্ষণ আইন–২০১২ অনুযায়ী অভিযুক্ত বাদশা মিয়ার বিরুদ্ধে মধুটিলা ইকোপার্কের রেঞ্জার বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। এ ঘটনায় আজ ময়মনসিংহের বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, গত ৯ এপ্রিল আরেকটি হরিণ দুর্বৃত্তরাই চুরি করে খেয়ে ফেলেছে। পরে বন বিভাগ বলেছে, এটা শেয়ালে খেয়েছে। গত রোববার দুর্বৃত্তরা ইকোপার্কে প্রবেশ করে রাতের আঁধারে হরিণ চুরি করে। বন বিভাগের গাফিলতির কারণে চিড়িয়াখানা থেকে হরিণ দুটি চুরি হলো।

এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন বিভাগের তদন্তে এ ঘটনায় সাত-আটজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত বাদশা মিয়াকে আটক করে আজ শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।