ফেনীতে মৎস্য খামারে চাকরি দেওয়ার কথা বলে কিশোরকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ বন্ধের দাবি
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে মৎস্য খামারে চাকরি দেওয়ার কথা বলে এক কিশোরকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্ত বাহার উল্যাহকে (৪৫) গ্রেপ্তার করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বিনোদনকেন্দ্রে ওই কিশোরকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত বাহার উল্যাহ উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বাহার উল্যাহর মৎস্য খামারে ওই কিশোরের বাবা চাকরি করে আসছেন। গত কয়েক দিন আগে ছেলেটি বাড়ি থেকে তার বাবার কাছে বেড়াতে আসে। বাহার উল্যাহ খামারে চাকরি করার কথা বললে ছেলেটি বাবার সঙ্গে থাকা শুরু করে। গতকাল দুপুরে ছেলেকে খামারে রেখে তার বাবা এক দিনের জন্য নোয়াখালীর বাড়িতে যান। গতকাল সন্ধ্যায় বাহার উল্যাহ ছেলেটাকে মুহুরী প্রকল্প এলাকায় বিনোদনকেন্দ্রে ঘুরাতে নিয়ে যান। সেখানে নিয়ে বাবার চেয়েও বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে রাত সাড়ে আটটার দিকে ছেলেটিকে ধর্ষণ করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি দেখে মুঠোফোনে ছেলেটির বাবাকে জানান।

কিশোরের বাবা বলেন, খবর পেয়ে রাতেই তিনি বাড়ি থেকে খামারে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের ঘটনা জানায়। বিষয়টি কাউকে জানালে বাহার তাকে মেরে ফেলার হুমকি দেন। ছেলের কাছ থেকে সব শুনে কিশোরের বাবা খামারমালিক বাহার উল্যাহকে ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে উল্টো তাঁকে চাকরিচ্যুত করার হুমকি দিয়ে গালমন্দ করেন বাহার। এ জন্য পরে তিনি থানায় গিয়ে বাহার উল্যাহকে আসামি করে মামলা করেছেন।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, আজ ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। পরে তাকে জবানবন্দি নেওয়ার জন্য ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, এক কিশোরকে ধর্ষণের মামলায় অভিযুক্ত বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হবে।