হাতকড়াসহ পালানোর ২৯ ঘণ্টার মধ্যে চরভদ্রাসনের সেই আওয়ামী লীগ নেতাকে দোহারে গ্রেপ্তার

হাতকড়াসহ পালানোর ২৯ ঘণ্টা পর ফরিদপুরের চরভদ্রাসনের আওয়ামী লীগ নেতা কবির খান পুলিশের হাতে ধরা পড়েনছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কবির খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়েছিলেন তাঁর স্বজন ও অনুসারীরা। ওই ঘটনার ২৯ ঘণ্টার মাথায় তিনি আবার পুলিশের হাতে ধরা পড়লেন।

কবির খানের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় দুটি মামলা আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলার দোহার থানা-পুলিশের সহায়তায় আজ দুপুরে হরিচণ্ডী গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে চরভদ্রাসন থানায় আনা হয়।

এসআই এনামুল হক খান বলেন, গতকাল পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই মো. রফিকুজ্জামান কবির খানের বিরুদ্ধে একটি মামলা করেছেন। নতুন ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন