সিলেট নগরে আগুনে পুড়ে গেছে আটটি দোকান
সিলেটের পূর্ব কাজিরবাজার এলাকায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।
সিলেট মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট নগরের পূর্ব কাজিরবাজার এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। গতকাল রাত তিনটার দিকে বিষয়টি বুঝতে পারেন আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। আজ সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আটটা পর্যন্ত উদ্ধার অভিযানের কাজ চলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আটটি দোকানের প্লাস্টিকের সামগ্রী, গুদামে থাকা পাট ও প্লাস্টিকের বস্তাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, আগুনে ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।
মনিরুজ্জামান আরও বলেন, আগুনে দোকানগুলোর প্লাস্টিকের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের মধ্যে একটি ইউনিট সকাল আটটা পর্যন্ত আগুন নেভানো এবং মালামাল উদ্ধারের কাজ করে। বাকি ১২টি ইউনিট সকাল পৌনে সাতটা পর্যন্ত আগুন নেভানো এবং উদ্ধার অভিযানে অংশ নেয়।