সরাইলে সংসদ সদস্যের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের বক্তব্যের প্রতিবাদে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সংবাদ সম্মেলন। শনিবার দুপুরে উপজেলা পরিষদে
ছবি: প্রথম আলো

সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রফিক উদ্দিন ঠাকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে সংসদ সদস্য উম্মে ফাতেমা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। ২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা সদরে দলীয় কোন্দলে সংসদ সদস্যের স্বামী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ খুন হন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুল হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরসহ ২৯ জনকে আসামি করে হত্যা মামলা হয়। মামলাটি আদালতে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে চারজনের স্বাক্ষর করা লিখিত বক্তব্য পাঠ করেন রফিক উদ্দিন ঠাকুর। তিনি বলেন, ‘১৯ জুন জাতীয় সংসদে সংরক্ষিত আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, “সরাইলে মোস্তাক উদ্দিন আহমেদের উত্তরসূরি তাহের উদ্দিন ঠাকুরের একটি সক্রিয় চক্র রয়েছে। যাঁরা তাঁর শ্বশুর, ভাশুর ও তাঁর স্বামী ইকবাল আজাদকে হত্যা করেছে। অশুভ শক্তির হস্তক্ষেপ থেকে সরাইলকে রক্ষা করতে এবং স্বামী হত্যার বিচার পেতে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।” সংসদ সদস্যের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘শুধু রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের জন্য ইকবাল আজাদ হত্যা মামলায় আমাদের আসামি করা হয়েছে। আমাদের হয়রানি, মানসিকভাবে নির্যাতন ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে সরাইল আওয়ামী লীগের কবর রচনা করাই তাঁদের উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় হীন উদ্দেশ্যে আমাদের মোস্তাকের উত্তরসূরি তাহের উদ্দিন ঠাকুর চক্র বলেছেন সংসদ সদস্য। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘প্রকৃত সত্য হচ্ছে, আবদুল খালেক (সংসদ সদস্যের শ্বশুর) একজন যুদ্ধাপরাধী ছিলেন। এখানকার সব গণহত্যায় ওনার সম্পৃক্ততা ছিল। সরাইলের মুক্তিযোদ্ধাদের ভাষ্যমতে, দেশ স্বাধীন হওয়ার পর আবদুল খালেক আত্মগোপনে ছিলেন। তাহের উদ্দিন ঠাকুরের হস্তক্ষেপে তিনি মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে যোগ দেন। বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ১৯৭৪ সালে তাঁকে হত্যা করেন। সংসদ সদস্যের ভাশুর হুমায়ুন আজাদ ঠিকাদারি কাজে কুমিল্লায় যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান। আর পারিবারিক নির্যাতনে মারা গেছেন জাহাঙ্গীর আজাদ। সংসদ সদস্য সুযোগ বুঝে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। স্বামী হত্যা মামলায় রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের জন্য একের পর এক মিথ্যার আশ্রয় নিয়েছেন। ছয়জন মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।’

নিজেদের শতভাগ নির্দোষ দাবি করে রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘আমরাও ইকবাল আজাদ হত্যার বিচার চাই। হত্যা মামলাটি পুনরায় তদন্ত করে প্রকৃত আসামিদের বিচারের দাবি জানাই। উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যার আশ্রয় নিয়ে বারবার হয়রানি করলে আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে একের পর এক কর্মসূচি দিয়ে যাব।’

সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমত আলী, আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউপির টানা তিনবারের চেয়ারম্যান আবদুল জব্বার, যুবলীগ নেতা মো. মাহফুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যা তো একটা ইতিহাস। এটা নিয়ে কেন কথা আসল? আর ১১ বছর পর এসে তাঁরা এখন কেন ইকবাল আজাদ হত্যার বিচার চাইছেন? কেনই বা এসব কথা বলছেন। আমি কারও নাম বলিনি। তার মানে হত্যাকারী কারা, তাঁরা তা জানতেন। এখন তো তাঁরা কত কথাই বলবেন।’