চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের রড–সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা, এসআরবির হাতে আটক

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় এসআরবির অভিযানে আটক মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে কানা মোমিনছবি: এসআরবির সৌজন্যে

কুমিল্লা নগরে একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে তিনি ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোমিনকে আটক করে এসআরবি–১১। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা ট্রাকটিও জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এসআরবি–১১–এর সিপিসি–২–এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক মোমিন নগরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার প্রয়াত নান্নু ভূঁইয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত পাঁচটির বেশি মামলার তথ্য পাওয়ার কথা জানিয়েছে এসআরবি–১১। তবে এসব মামলার বর্তমান অবস্থা নিয়ে এসআরবির বিজ্ঞপ্তিতে কিছুই বলা হয়নি।

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য আনা ট্রাক
ছবি: এসআরবির সৌজন্যে

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা না পেয়ে জোর করে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোমিন ভূঁইয়াকে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়।

এসআরবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সঙ্গে যুক্ত থাকার তথ্য দিয়েছেন। তাঁর অন্য সহযোগী ব্যক্তিরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশি অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। আটক মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।