নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানা–পুলিশ জেলা শহরে এ মহড়া দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা ও পুনিয়াউট মোড় থেকে সদর থানা–পুলিশের বিশেষ মহড়া শুরু হয়। মহড়ার সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার হিসেবে আকাশে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়।
এ সময় সদর থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোটরসাইকেলে করে উচ্চস্বরে হুইসেল বাজিয়ে চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। শহরের টিএ রোড, কুমারশীল মোড়, পাইকপাড়া, মেড্ডা হয়ে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতাসহ যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সদর থানা–পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এ সময় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দেন ওসি। পাশাপাশি যেকোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।