দুই আনসার সদস্যের বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত পৌনে নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী পুলিশ সদস্য মো. আরজেদ আলী (৩০) মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি রাজশাহী পুলিশ লাইনসে নায়েক পদে কর্মরত। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। দুই আনসার সদস্য হলেন আল আমীন সরকার ও হাফিজুর রহমান।

আরজেদ আলী বলেন, তিনি সন্ধ্যার পর হাসপাতালে এক বন্ধুকে দেখতে এসেছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখেন, জরুরি বিভাগের সামনে দুজন আনসার সদস্য ও সাদাপোশাকে আরও কয়েকজন মিলে এক অটোরিকশাচালককে মারধর করছেন। তিনি তাঁদের শুধু নিষেধ করেছেন। এতেই আনসার সদস্যরা বলেন, ‘তুই কে?’ পুলিশ সদস্য বলে নিজের পরিচয় দেওয়ার পরও তাঁরা বলেন, ‘তোর মতো কত পুলিশকে পেটালাম।’ এ বলেই তাঁরা গায়ে হাত তোলেন। দুজনে রীতিমতো তাঁকে লাঞ্ছিত করেন। তিনি মুঠোফোন বের করে ভিডিও করতে গেলে তাঁরা মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করে দেন। এ ঘটনায় তিনি রাতেই মামলা করবেন।

মুঠোফোন নম্বর না পাওয়ায় দুই আনসার সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী প্রথম আলোকে বলেন, অটোরিকশার চালকেরা এসে ঝামেলা করেন। আনসার সদস্যরা এক অটোচালককে সরিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে এক পুলিশ সদস্যের সঙ্গে তাঁদের ভুল বোঝাবুঝি হয়েছে। একে অপরের কলার ধরেছেন। বিষয়টি তিনি মীমাংসা করে দেওয়ার জন্য হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত ব্যক্তিদের বলেছেন।