রাজশাহী মেডিকেলে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগী মারা গেছেন। গতকাল বুধবার রাতে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোশাররফ হোসেন (৭২) নামের ওই ব্যক্তির বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী প্রথম আলোকে বলেন, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোশাররফ। তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। তিনি আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে শুরু করেন। এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৭৩ জন, তাঁদের মধ্যে ৩২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন ৪১ জন।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন, ছাড়পত্র পেয়েছেন ১০ জন। চিকিৎসাধীন মোট ৪১ রোগীর মধ্যে ৯ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক।