ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ১৫ জন
ঝিনাইদহ সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজার এলাকায় এ দুটি দুর্ঘটনা হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার আবদুর রউফ মোল্লা বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রাক মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাটগোপালপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী কাইযুম ফকির (১৭) মারা যান। কাইয়ুম ফকির বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের শহর আলী ফকিরের ছেলে।
অন্যদিকে আজ সকাল ১০টার দিকে ঝিনাইদহ থেকে একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়ালপাড়া বাজারে দুর্ঘটনায় পর প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।