নারায়ণগঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়েছে কম্পিউটার–ল্যাপটপসহ আসবাব
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কম্পিউটারসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ওই সময় কার্যালয় বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন কার্যালয়ের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান। পরে বাইরে থেকে তাঁরা একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ইউএনওর কার্যালয়ের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), সিসিটিভি ক্যামেরার মনিটর, টেবিল, সিলিং ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল কার্যালয় বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর কাজে সহায়তা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।