পঞ্চগড় সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশ–ভারত সীমান্তফাইল ছবি

পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্ত থেকে ভারতীয় ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে গেছেন বলে জানা গেছে।

ওই দুই কিশোর হলো পঞ্চগড়ের  আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা দুজন ওই সীমান্ত এলাকায় চা–বাগানে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় লোকজন সূত্রে  জানা যায়, বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্তঘেঁষা এলাকায় স্বজনের বাড়িতে বেড়াতে এসে সীমান্তে চা–বাগান দেখতে যায় ইন্দ্র ও উদয়। এ সময় তারা সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করে ভারতের মীরগঞ্জ এলাকায় চলে গেলে ভারতীয় মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। খবর পেয়ে বিজিবির মীরগড় বিওপির (কোম্পানির) সদস্যরা বিএসএফের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ফেরত চেয়েছেন।

বিজিবির মীরগড় বিওপি (কোম্পানি) সূত্রে জানা যায়, সাক্ষাতের পর ওই কিশোরদের ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ পরে জানাবে বলেছে।

আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রাতি রানী বলেন, ‘ওরা দুজন (দুই কিশোর) গতকাল মঙ্গলবার গরিনাবাড়ি-কালুপাঠা এলাকায় উদয়ের বোনের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল। আজ বুধবার ওরা চা–বাগান দেখতে গিয়ে ভুল করে ভারতের ভেতরে চলে গেছে। পরে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে। আমরা বিজিবির কাছে এসেছি। এটা নিয়ে বিজিবি বিএসএফের মিটিংয়ে নাকি বিএসএফ তাদের ফেরত দিতে চেয়েছে। আমরা তাদের ফেরতের অপেক্ষায় আছি।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ কায়েস আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরাও জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’